চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক
জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজরুল হক আর নেই। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মনজুরুল হকের ভাই বিশিষ্ট প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকেই তাঁর ভাই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। টোকিওর অদূরে ফুটাবা শহরে তাঁর নিজের বাসায় গতকাল ইন্তেকাল করেছেন। জাপানেই তাঁকে দাফনের ব্যবস্থা করা হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মনজুরুল হকের জন্ম ঢাকায়, ১৯৫২ সালে। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা দলের হয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মস্কো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকেও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
১৯৮০-এর দশকের গোড়ার দিকে ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে কাজের মধ্য দিয়ে তিনি তাঁর পেশাগত জীবন শুরু করেন। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ডের বাংলা ভাষার বেতার অনুষ্ঠানে প্রযোজক হিসেবে কাজ শুরু করার জন্য লন্ডনে চলে যান।
মনজুরুল হক ১৯৯৪ সাল থেকে জাপানে স্থায়ীভাবে বসবাস করছেন। টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এবং জাপানের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পর শিক্ষকতা থেকে অবসর নেন। এ ছাড়া জাপানের এনএইচকে ওয়ার্ল্ড বেতার সম্প্রচারের কাজও করেছেন তিনি। ২০২১ সাল থেকে তিনি জাপানের শীর্ষস্থানীয় দৈনিক মায়ানিচি শিম্বুনে কলাম লিখেছেন।
১৯৯৮ সালে প্রথম আলো প্রকাশের পর থেকেই মনজুরুল হক টোকিও প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সংবাদ সংগ্রহের সূত্রে জাপানের ৪৭টি জেলার সব কটি তিনি ভ্রমণ করেছেন।
মনজুরুল হক সেই বিরল মানুষদের একজন, যাঁরা জাপানের সম্রাটের আমন্ত্রণে তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলাপের সুযোগ পেয়েছেন। সাধারণত অন্য কোনো দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রদূত ব্যতিরেকে সম্রাটের এত কাছে যাওয়ার সুযোগ খুব বিরল। তিনি জাপানের নেতৃস্থানীয় রাজনীতিবিদ, শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রের পরিচিত ব্যক্তিত্বের পাশাপাশি সাক্ষাৎ করেছেন হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা হামলায় প্রাণে বেঁচে যাওয়া হিবাকুশা নামে পরিচিত প্রজন্মের লোকজনের সঙ্গেও। মিশেছেন সাধারণ মানুষজনের সঙ্গে।
২০২৫ সালে তিনি জাপানে কর্মরত বিদেশি কোনো সাংবাদিক হিসেবে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা লাভ করেন। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বহুমুখী অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
জাপান ফরেন করেসপনডেন্টস ক্লাবের (এফসিসিজে) আজীবন সদস্য ছিলেন মনজুরুল হক। ২০০৯ সালে তিনি ক্লাবটির সভাপতি এবং বিভিন্ন সময়ে পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
মনজুরুল হকের বাংলায় প্রকাশিত গ্রন্থের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলি নিয়ে মননশীল প্রবন্ধ ও আত্মজীবনীমূলক রচনা রয়েছে। এ ছাড়া সাহিত্যের অনুবাদ করেছেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর গ্রন্থের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের জাপান, জাপানে রবীন্দ্রনাথ, হিরোশিমা নাগাসাকির কথা, আমার জাপান জীবনের স্মৃতি, গিয়োম আপোলিনেরের কবিতা: অশ্রুভেজা চোখে করাঘাত (হায়দার আলী খানের সঙ্গে যৌথভাবে), চে: বন্দুকের পাশে কবিতা (মতিউর রহমানের সঙ্গে যৌথভাবে) ইত্যাদি।
এ ছাড়া কসমস বুকস থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণাবিষয়ক দুই খণ্ডের গ্রন্থ আ স্টোরি অব মাই টাইম এবং আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার।