চট্টগ্রামে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৭৭ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় টিকিট প্রিন্টিং প্রেস (টিপিপি) কলোনিতে অভিযান পরিচালনা করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৩৭৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ২ দশমিক ৩৭ একর জায়গা উদ্ধার করা হয়। রেলের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনায় অন্তত ১ হাজার ২৫০ জন মানুষ থাকতেন। ৫ থেকে ১৫ বছর ধরে এসব স্থাপনা গড়ে উঠেছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, অবৈধভাবে গড়ে ওঠা এসব বসতিতে বিদ্যুৎ ও পানি রেলওয়ের সংযোগ থেকে নেওয়া হতো। এতে রেলওয়ের প্রচুর পরিমাণ অর্থ অপচয় হচ্ছে। এই অপচয় রোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, সহকারী নির্বাহী প্রকৌশলী রাম নারায়ণ ধর। অভিযানে নগর পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।