ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন প্রথম আলোর নুরুল আমিনসহ ৬ সাংবাদিক
অপরাধবিষয়ক সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক। তিনি বলেন, সূত্রবিহীন অপরাধ সবার সামনে তুলে আনতে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ের সামনে বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক এসব কথা বলেন। তিনি অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রথম আলোর সাংবাদিকসহ ছয় সাংবাদিকের হাতে ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক নুরুল আমিন এবং অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আদনান রহমান; অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আবু জাহেদ মুহা. সেলিম, জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ সচেতনতাবিষয়ক প্রতিবেদন ক্যাটাগরিতে দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবু ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান এবং সাইবার ক্রাইম প্রতিরোধ ও সচেতনতামূলক প্রতিবেদন ক্যাটাগরিতে ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান পুরস্কার পেয়েছেন।
গত ৫ আগস্ট প্রথম আলোতে ‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদনে জন্য প্রিন্ট ক্যাটাগরিতে নুরুল আমিন পুরস্কার পান।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক বলেছেন, ‘ক্লু লেস ক্রাইম আইডেনটিফাই করতে সাংবাদিকদের ভূমিকা খুবই জরুরি, অত্যাবশ্যক। সে জন্য শুধু গতানুগতিক নিউজ নয়, অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরা ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মো. শামসুল হক আরও বলেন, অপরাধীরা বিভিন্নভাবে তাদের অপরাধের কৌশল প্রতিনিয়ত পরিবর্তন করছে। প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্ষমতার ভালো পর্যায়ে আছে। এরপরও অপরাধবিষয়ক সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি করলে জাতি উপকৃত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক হারুন অর রশিদ, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল।