অনেক পত্রিকা সাংবাদিকদের বেতন দেয় না, বলে বেতন তুমি সংগ্রহ করো: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদপত্র পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তথমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘অনেক পত্রিকায় যিনি সম্পাদক, তিনিই রিপোর্টার। অনেক পত্রিকায় দেখা যায় যে সাংবাদিক নিয়োগ দেওয়া হয় কিন্তু তাদের বেতন দেওয়া হয় না। বলা হয়, “তোমার বেতন, তুমি সংগ্রহ করো।”’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে সাড়ে বারো শ পত্রিকা। অথচ পশ্চিমবঙ্গে এত পত্রিকা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রবান্ধব, সাংবাদিকবান্ধব, সে কারণেই এটি সম্ভব হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেক পত্রিকার ডিক্লারেশন আছে কাগজে কিন্তু সেগুলো নিয়মিত বের হয় না। যেদিন বিজ্ঞাপন পায়, সেদিন বের হয়।

যেসব পত্রিকা নিয়মিত বের হয় না, সেগুলো সরকারের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, সাংবাদিক ও প্রকাশকদের দাবি ছিল, পত্রিকা প্রকাশে অনিয়মের জন্য যাতে গণমাধ্যমে বদনাম না হয়। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে চার শতাধিক পত্রিকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২০০ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তবে কেউ যদি সংশোধিত হতে চায়, তাহলে সেই সুযোগ থাকবে।

প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক প্রভাত সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এবং সচিব মো. শাহ আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ শাহ জালাল, সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু প্রমুখ সভায় বক্তৃতা দেন।

দিনের অপর একটি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর সংস্থাগুলোর মনোনীত কর্মচারীদের হাতে ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছেন হাছান মাহমুদ।

আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কাউসার আহাম্মদ, আইন কর্মকর্তা মো. সাঈদুর রহমান গাজী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রেজাউল করিম ও অফিস সহায়ক মোসাম্মৎ সেলিনা বেগমের হাতে পুরস্কারের সনদ, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন তথ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, খাদিজা বেগম ও মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।