প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের কোনো বিভাজন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংসদ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ককাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে কায়সার কামাল বলেন, শিশু অধিকার সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সংসদ সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশে শিশু অধিকার ও সুরক্ষার বিষয়ে অনেক আইন রয়েছে, তবে সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আইন, বাজেট ও অংশীজনদের মধ্যে সমন্বয়ের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
শিশু অধিকার-সংক্রান্ত প্রস্তাবিত আইন ও খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের ওপর জোর দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী প্রস্তাব আনা যেতে পারে। এ ক্ষেত্রে নির্বাহী বিভাগে কোনো প্রতিবন্ধকতা থাকলে সংসদ সদস্যরা বেসরকারি বিলের মাধ্যমেও বিষয়টি সংসদে তুলতে পারেন। এ বিষয়ে সংসদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শিশু অধিকার সুরক্ষা, শিশুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ, জবাবদিহি নিশ্চিত করাসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করে সংসদীয় উদ্যোগ জোরদার, নীতি-আলোচনা, তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব তুলে ধরা হয়। এ ছাড়া কন্যাশিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠী, পাহাড়ি অঞ্চলের শিশু এবং অসহায়, এতিম ও দুস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিনজ ও মাধবী মার্মা।