আলোচনাতেই সন্তুষ্ট মন্ত্রী-সচিব

থাইল্যান্ড সরকারি পর্যায়ে চাল দেবে না। ভিয়েতনাম ও কম্বোডিয়া দিতে চায় আতপ চাল। কৃষি খাতে বিনিয়োগ চায় কম্বোডিয়া।

চালফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে তিন দেশ সফর শেষে খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি দেশে ফিরেছে। চাল আমদানির বিষয়ে আলোচনার জন্য তাঁরা ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডে যায়। তবে কোনো দেশের সঙ্গেই চাল আমদানি নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর বিশ্ববাজারে চালের দাম আরও বাড়তে পারে, এই আশঙ্কায় ভারত ছাড়া বিশ্বের চাল রপ্তানিকারক অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিন দেশ সফর করা হয়েছে। ছয় সদস্যের প্রতিনিধিদলটি ভিয়েতনাম ও কম্বোডিয়ায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেয়। আর থাইল্যান্ডে চাল রপ্তানিবিষয়ক সরকারি সংস্থা ও চাল ব্যবসায়ীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়।

* বাংলাদেশ মূলত ভারত থেকে চাল আমদানি করত। * ২০০৭ সালে ৫ লাখ টন চাল রপ্তানির চুক্তি করেও তারা বাংলাদেশকে পুরো চাল দেয়নি।

জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভিয়েতনাম থেকে আমরা ইতিমধ্যে চাল আমদানি শুরু করেছি। আরও আনা যাবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কম্বোডিয়া ২০ থেকে ৩০ হাজার টন সেদ্ধ চাল রপ্তানি করতে চায়। কিন্তু ওই চাল আমাদের দরকার নেই। থাইল্যান্ড আপাতত সরকারি পর্যায়ে (জিটুজি) চাল রপ্তানির ব্যাপারে আগ্রহী নয়। তবে বেসরকারি খাতে সে দেশ থেকেও চাল আনা যাবে।’

কোন দেশ কতটুকু চাল বিক্রি করবে

গত কয়েক বছরের মতো এবারও সবচেয়ে বেশি চাল রপ্তানি করবে ভারত। তবে অনাবৃষ্টির কারণে সে দেশে চালের উৎপাদন কমেছে। ফলে ২০২১ সালে তারা ২ কোটি ১৫ লাখ টন চাল রপ্তানি করলেও এবার করবে ১ কোটি ৭০ লাখ টন। গত সেপ্টেম্বরে তারা চাল রপ্তানির ওপর শুল্ক–বাধাও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ মূলত ভারত থেকে চাল আমদানি করত। এর আগে ২০০৭ সালে ৫ লাখ টন চাল রপ্তানির চুক্তি করেও তারা বাংলাদেশকে পুরো চাল দেয়নি। এবারও চাল আমদানির আলোচনা শুরুর পরপরই ভারত রপ্তানির ব্যাপারে কঠোর হয়। এ কারণে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নেয়।

এ ব্যাপারে সাবেক কৃষিসচিব এ এম এম শওকত আলী প্রথম আলোকে বলেন, কম দামে পেলে বিশ্বের যেকোনো দেশের চাল আমদানি করা উচিত। সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তখনই কোনো দেশ সফরে যাবে, যখন সেই দেশ থেকে চাল আমদানির নিশ্চয়তা পাওয়া যাবে। সম্পর্ক উন্নয়ন ও আমদানির আলোচনার জন্য খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাই যথেষ্ট।

প্রতিবেশী থেকে পূর্বমুখী

ভারতে সমস্যা শুরু হওয়ায় পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চাল আমদানির উদ্যোগ নেয় সরকার। থাইল্যান্ড চলতি বছর ৭৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। সে দেশ থেকে জিটুজি পর্যায়ে চাল আমদানিতে আগ্রহ আছে সরকারের। এ জন্য দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে একাধিকবার চিঠিও দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। তবে তারা ইতিবাচক কিছু জানায়নি। বেসরকারি খাত শক্তিশালী হওয়ায় সে দেশের সরকার জিটুজি পর্যায়ে চাল রপ্তানিতে আগ্রহী নয়।

প্রতিনিধিদল সূত্র জানায়, বিশ্বের সবচেয়ে বড় চাল আমদানিকারক দেশ চীন ইতিমধ্যে থাইল্যান্ড থেকে চাল কিনতে আগাম অর্থ দিয়ে চুক্তি করেছে। ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও আগাম অর্থ দিয়ে চুক্তি করেছে। এ পরিস্থিতিতে বেসরকারি খাত ছাড়া থাইল্যান্ড থেকে চাল আমদানি সম্ভব নয়।

প্রতিনিধিদল সূত্র আরও জানায়, ভিয়েতনামের সঙ্গে সরকারের চাল আমদানির পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হচ্ছে। সেটি নবায়নে দুই দেশের মধ্যে ঐকমত্য হয়েছে। এটি চূড়ান্ত করে চলতি মাসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে খাদ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। তবে ভিয়েতনাম মূলত আতপ চাল দিতে চায়; কিন্তু বাংলাদেশ আতপ চাল কিনতে চায় না। তাই আপাতত সমঝোতা স্মারক নবায়ন ছাড়া ভিয়েতনামের সঙ্গে আর কোনো অগ্রগতি নেই।

কম্বোডিয়াও ২০ থেকে ৩০ হাজার টন আতপ চাল রপ্তানি করতে চায়। তবে বাংলাদেশের দরকার সেদ্ধ চাল। তাই কম্বোডিয়া থেকেও চাল আমদানি হচ্ছে না। তবে কম্বোডিয়া সরকার তাঁদের কৃষিজমিতে ধান চাষে বিনিয়োগ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। সেখানে সেদ্ধ চাল তৈরির কারখানা স্থাপনেও বাংলাদেশ চাইলে বিনিয়োগ করতে পারে।

খাদ্যমন্ত্রী ও সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২২ থেকে ২৪ নভেম্বর কম্বোডিয়া, ২৪ থেকে ২৭ নভেম্বর ভিয়েতনাম এবং ২৭ থেকে ৩১ ডিসেম্বর থাইল্যান্ড সফর করে। দলটি ১ ডিসেম্বর দেশে ফেরে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত সেপ্টেম্বরে জিটুজি পর্যায়ে ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল কেনার চুক্তি হয়েছে। এ ছাড়া ভারত থেকে এক লাখ টন ও মিয়ানমার থেকে দুই লাখ টন চাল কেনা হচ্ছে। ভিয়েতনাম থেকে প্রতি টন সেদ্ধ চাল ৫২১ ডলারে এবং আতপ চাল ৪৯৪ ডলারে কেনা হচ্ছে।