রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো। অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। ঢাকায় পৌঁছানোর পর সংবর্ধনা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে যাবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।