দিন দিন প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধে আবার যুক্ত হচ্ছে নতুন নতুন ধরন বা মাত্রা। অন্যান্য সাইবার অপরাধের পাশাপাশি ‘প্রাইভেসি’ বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো ঘটনা একটি আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে। এ অপরাধের ক্ষেত্রে কিছু ঘটনা নাটক বা সিনেমার গল্পকেও হার মানায়। মানুষ যেখানে তার নিজের ঘরকে সবচেয়ে নিরাপদ মনে করে, সেই আপন ঘরও এই প্রযুক্তির যুগে অনিরাপদ হয়ে যেতে পারে। সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান সাজার রায় প্রদান করেন। তিনি এই রায়ে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে ভালো কিছু পর্যবেক্ষণও দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ আমলে নিলে তা সাইবার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে সাইবার স্পেসে নারীদের প্রাইভেসি রক্ষায় কী করণীয় এবং কর্তৃপক্ষের কেমন ভূমিকা হওয়া উচিত, এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
মামলা
ঘটনাটি বগুড়ার। মামলাটি করেছিলেন যিনি ভুক্তভোগী, তাঁর স্বামী। থানায় করা এজাহারে ভুক্তভোগীর স্বামী বলেন, আসামি একই ভবনে থাকতেন এবং পূর্বপরিচয়ের সুবাদে তাঁদের বাসায় যাতায়াত করতেন। কৌশলে আসামি তাঁদের বাথরুমে ইলেকট্রনিক ডিভাইস রেখে তাঁর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে আসামি ওই নারীর ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। ভয়ে এবং নিজের মানসম্মানের কথা ভেবে ওই নারী তাঁর বাবাকে দেবেন বলে স্বামীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন এবং আসামিকে দেন। পরে আসামি আরও পাঁচ লাখ টাকা দাবি করলে ওই নারী তাঁর স্বামীকে বিষয়টি জানান। তখন তাঁর স্বামী আসামির বিরুদ্ধে মামলাটি করেন। পরবর্তী সময়ে পুলিশ মামলাটির অভিযোগপত্র দেয়। মামলাটি রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর হলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং বিচার শুরু হয়।
রায়
মামলায় উভয় পক্ষের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২২(২) ধারার অপরাধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। একই আইনের ২৬(২) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২৯(২) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলায় ক্ষতিগ্রস্ত হিসেবে জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ প্রদান করেন আদালত।
বিচারকের পর্যবেক্ষণ
সাইবার ট্রাইব্যুনালের বিচারক তাঁর রায়ে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বলেন, প্রাইভেসি হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী থেকে নিজেকে আলাদা রাখার ও নিজ তথ্য গোপন রাখার অধিকার। অক্সফোর্ড ডিকশনারিতে প্রাইভেসির সংজ্ঞা দেওয়া হয়েছে, ‘দ্য স্টেট অব বিং অ্যালন অ্যান্ড নট ওয়াচড অর ইন্টারোপ্টেট বাই আদার পিপল।’ মানুষের জীবনে প্রাইভেসি মৌলিক অনুষঙ্গ, যা ছাড়া ব্যক্তিজীবন সীমাহীন ক্ষতির শিকার হয়। ইউনিভার্সাল ডিকলারেশন অব হিউম্যান রাইটস ১৯৪৮-এর আর্টিকেল ১২ অনুযায়ী, একজন ব্যক্তি কখনোই অন্য ব্যক্তির গোপনীয়তা, পারিবারিক বিষয়, বাসস্থান বা যোগাযোগে হস্তক্ষেপ করতে পারবে না, এমনকি আত্মসম্মান নষ্ট হয়, এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না।
সংবিধানে আমাদের রাষ্ট্র নিজ গৃহে নিরাপদ থাকা ও প্রাইভেসিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি ও নিশ্চয়তা দান করা হয়েছে। ইউনিভার্সাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ১৯৬৬-এর আর্টিকেল ১৭ অনুযায়ী, কোনো ব্যক্তির গোপনীয়তা, পরিবার, বাড়ি ও অনুরূপ বিষয়কে বেআইনি হস্তক্ষেপের লক্ষ্যবস্তু বানানো যাবে না এবং তার সুনাম ও সম্মানের ওপর বেআইনি আঘাত হানা যাবে না। তাহলে আমরা দেখছি, পৃথিবীর সর্বত্র দেশীয় ও আন্তর্জাতিক আইনে প্রাইভেসি ব্যক্তির অধিকার হিসেবে গণ্য হয়।
ডিজিটাল অপরাধের এ ঘটনা মানুষের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থাকে সংকটে ফেলেছে এবং নতুন কিছু বিষয়কে বিবেচনার জন্য সামনে নিয়ে এসেছে—১. যে কেউ নিজের অজান্তে নিজ বাড়িতেও ডিজিটাল অপরাধের শিকার হতে পারেন, ২. নিজ বাসায় কোন ব্যক্তিকে প্রবেশাধিকারের অনুমতি দেওয়া যাবে বা কোন ব্যক্তিকে দেওয়া যাবে না, সেটি নিয়েও ভাবতে হবে, ৩. বেডরুম বা বাথরুমের মতো একান্ত জায়গাতে কোনো ‘স্পাই ডিভাইস’ আছে কি না, হয়তো এ বিষয়ও মাথায় রাখতে হবে। সমস্যা হলো, ডিভাইস শনাক্ত করা। ডিভাইসগুলো এত ছোট এবং বৈচিত্র্যপূর্ণ যে, প্রযুক্তিজ্ঞান না থাকলে তা শনাক্ত করাই কঠিন। নিজ বাড়িতে, নিজ বেডরুমে বা বাথরুমে যদি একজন নারী নিরাপদ বোধ না করে থাকেন এবং তাঁকে সতর্কতা অবলম্বন করতে হয়, তাহলে মার্কেট বা পাবলিক প্লেসগুলোর ওয়াশরুমে তিনি কীভাবে নিজেকে নিরাপদ বোধ করবেন? প্রযুক্তির অপব্যবহার নারীর প্রাইভেসিকে কী তাঁদের ভাগ্যের ওপর ছেড়ে দেবে?
বিচারক পর্যবেক্ষণে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বহু ভালো দিকের পাশাপাশি এখনো কিছু জায়গা আছে, যা আরও সুরক্ষিত ও উন্নত করতে হবে। ব্যবসার পাশাপাশি সাইবার স্পেসকে আরও নিরাপদ রাখতে তাদের দায়বোধের জায়গাও রয়েছে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কোনো নারী ও শিশুর ছবি বা ভিডিও যাতে অনুমতি ছাড়া কেউ ডাউনলোড করতে না পারেন, এমন সিকিউরিটি থাকতে হবে। নারী ও শিশুর ছবি বা ভিডিও বিকৃত করে কেউ যেন ফেসবুক বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও প্রচার না করতে পারেন বা অশ্লীল কমেন্ট বা শেয়ার না করতে পারেন, এ জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিনির্ভর জোরালো নিরাপত্তা ফিচার জোরদার জরুরি। নারীর প্রতি অবমাননা ও মানহানিকর কোনো কনটেন্ট প্রকাশ ও প্রচারে বাধা এবং তা দ্রুত অন্তর্জাল থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া দরকার।
বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কিছু দুষ্ট মানুষের অশুভ কর্মকাণ্ডে বহু নারীর জীবন দুর্বিষহ হয়েছে, হচ্ছে। তাঁদের ব্যক্তিগত ছবি বা ভিডিও এই মাধ্যমে বিকৃত বা অপমানকরভাবে প্রচার, প্রকাশ করা হয়েছে। ভুক্তভোগীদের কেউ কেউ আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। কিন্তু এগুলোর বিপরীতে পর্যাপ্ত নিরাপত্তা ফিচার দিয়ে সোশ্যাল মিডিয়াকে সুরক্ষিত করা হচ্ছে না। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে টেক জায়ান্টদেরকেই দায় নিতে হবে,আর্টিফিশিয়াল ইন্টেলিজিয়েন্স-নির্ভর প্রযুক্তি ও অ্যালগরিদম দিয়ে নারীর প্রাইভেসিকে লঙ্ঘন করতে পারে, এমন প্রতিটি কনটেন্টের ফিল্টারিং সুনিশ্চিত করেতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট মাধ্যমকে ভুক্তভোগীর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে।
শেষ কথা
কোনো ভুক্তভোগী যেভাবেই সাইবার অপরাধের শিকার হোন না কেন, তাঁর আইনের আশ্রয় নেওয়া জরুরি। পাশাপাশি নিজের বসবাসের স্থান, বাথরুম কিংবা যেকোনো স্থানে নিজের গোপনীয়তা রক্ষার বিষয়ে সচেতন হওয়া জরুরি। খুব নিকটাত্মীয় না হলে নিজের বেডরুম ও বাথরুম অন্যদের ব্যবহার করতেও দেওয়া উচিত নয়। তা না হলে এই নারীর মতো হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই মামলার রায়ে বিচারক যথার্থভাবে বলেছেন, সাইবার অপরাধীরা প্রকৃতপক্ষে ভুক্তভোগীর ভয়কেই পুঁজি করে অর্থ আদায় করে থাকেন। এ ক্ষেত্রে ভুক্তভোগীকে মনে রাখতে হবে, তিনি কোনো অপরাধ করেননি, অপরাধের শিকার হয়েছেন মাত্র। এমন ঘটনা লুকিয়ে রাখলে লাভের চেয়ে ক্ষতিই বেশি। অপরাধের শিকার হলে ভুক্তভোগীকে বিচার পেতে প্রথমেই পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
তানজিম আল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী