বাংলাদেশে পানি সংগ্রহে পুরুষের চেয়ে নারীরা ১০ গুণ বেশি সময় ব্যয় করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি সংগ্রহের কাজে এক কিশোরী
ছবি: ইউনিসেফের সৌজন্যে

বাংলাদেশে পানি সংগ্রহের ক্ষেত্রে নারীদের দায়বদ্ধতা বেশির ভাগ ক্ষেত্রে পুরুষদের তুলনায় ১০ গুণের বেশি। জাতিসংঘের দুই সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জয়েন্ট মনিটরিং প্রোগ্রামের (জেএমপি) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নারী ও মেয়েরা পুরুষদের তুলনায় পরিবারের জন্য পানি সংগ্রহ করতে ১০ গুণ বেশি সময় ব্যয় করেন।

আজ বৃহস্পতিবার প্রকাশিত নতুন এই প্রতিবেদনের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী নিজের পরিবারের জন্য পানি সংগ্রহের কাজটি বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই করে থাকেন, যেখানে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় প্রায় দ্বিগুণ এবং প্রতিদিন এই কাজের পেছনেই তাঁদের অনেক সময় ব্যয় হয়।

বাসগৃহে পানির সংস্থান না থাকা প্রতি ১০টি পরিবারের মধ্যে ৭টিতে পানি সংগ্রহ নারী ও মেয়েদের দায়িত্বে থাকে।

‘পরিবারের খাওয়ার পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) বিষয়ে ২০০০-২০২২ পর্যন্ত অগ্রগতি: লিঙ্গভিত্তিক বিশেষ দৃষ্টি’ শীর্ষক প্রতিবেদনে পানি ও স্যানিটেশন পরিষেবায় লিঙ্গবৈষম্যের বিষয়ে প্রথমবারের মতো গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, নারী ও মেয়েরা বাড়ির বাইরে টয়লেট ব্যবহার করার সময় বেশির ভাগ ক্ষেত্রে অনিরাপদ বোধ করেন।

বাংলাদেশে নারীদের পানি সংগ্রহে দীর্ঘ সময় ব্যয় করার বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের বাংলাদেশীয় প্রধান হাসিন জাহান আজ প্রথম আলোকে বলেন, মাঠ পর্যায়ে নিজের কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি মেয়েরা শুধু পানি সংগ্রহে বেশি সময়ই দেয় না তাঁরা পানিও কম খান। উপকূলীয় এলাকায় এটি বেশি ঘটে। সেখানে সুপেয় পানি আনতে যান মেয়েরা। কিন্তু এক বা দুই কলসের বেশি পানি তো আনতে পারেন না। তাই পানি তাঁকে কম খেতে হয় কারণ কম পড়লে তাঁকেই আবার যেতে হবে। নারীদের আরও ভাবনা থাকে, পানি কম হলে তাঁর স্বামী বা সন্তানসহ পরিবারের অন্য সদস্যের অসুবিধা হবে।

ইউনিসেফের ‘ওয়াশ’ ও ‘সিড’ বিষয়ক পরিচালক সিসিলিয়া শার্প এ বিষয়ে বলেন, পানি সংগ্রহের জন্য একটি মেয়ের একটি করে ধাপ এগিয়ে যাওয়ার অর্থ হলো পড়াশোনা, খেলাধুলা ও নিরাপত্তা থেকে তার একটি করে ধাপ দূরে সরে যাওয়া। অনিরাপদ পানি, অনিরাপদ টয়লেট ও বাড়িতে হাত ধোয়ার অনিরাপদ ব্যবস্থা মেয়েদের কাছ থেকে তাদের সম্ভাবনা কেড়ে নেয়, তাদের সার্বিক কল্যাণকে ঝুঁকিতে ফেলে এবং দারিদ্র্যের চক্রকে স্থায়ী করে।

তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ১৮০ কোটি মানুষ এমন ঘরবাড়িতে বসবাস করে, যেখানে বাসগৃহে পানির সংস্থান নেই। এ ধরনের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৭টিতে ১৫ বছর বা তার বেশি বয়সী নারী ও মেয়েরা প্রাথমিকভাবে পানি সংগ্রহের দায়িত্ব পালন করেন। আর এ ধরনের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৩টিতে তাঁদের সমবয়সী পুরুষ ও ছেলেদের এই দায়িত্ব পালন করতে হয়। ১৫ বছরের কম বয়সী মেয়েরা (৭ শতাংশ) ১৫ বছরের কম বয়সী ছেলেদের (৪ শতাংশ) তুলনায় পানি সংগ্রহের দায়িত্ব বেশি পালন করে। বেশির ভাগ ক্ষেত্রে নারী ও মেয়েদের পানি সংগ্রহের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা তাদের পড়াশোনা, কাজ ও অবসর যাপনের সময় কমিয়ে দেয় এবং পথে তাদের শারীরিক আঘাত পাওয়া ও বিপদে পড়ার ঝুঁকিতে ফেলে।

প্রতিবেদনে আরও উঠে এসেছে যে ৫০ কোটির বেশি মানুষ এখনো অন্য পরিবারের সঙ্গে স্যানিটেশন সুবিধা ভাগাভাগি করে, যা নারী ও মেয়েদের গোপনীয়তা, মর্যাদা এবং নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। উদাহরণস্বরূপ, ২২টি দেশে পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যেসব পরিবার নিজেদের মধ্যে ভাগাভাগি করে টয়লেট ব্যবহার করে, সেসব পরিবারের নারী ও মেয়েরা বেশির ভাগ ক্ষেত্রে রাতের বেলায় একা হাঁটাচলা করতে পুরুষ ও ছেলেদের তুলনায় অনিরাপদ বোধ করেন এবং যৌন হয়রানি ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হন।

প্রতিবেদনে বলা হয়, অপর্যাপ্ত ‘ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি)’ পরিষেবা নারী ও মেয়েদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। আর এতে নিরাপদে ও ব্যক্তিগতভাবে তাদের মাসিক ব্যবস্থাপনার সুযোগ সীমিত করে। উপাত্ত পাওয়া যায়, এমন ৫১টি দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবারের নারী ও কিশোরী এবং যারা শারীরিকভাবে অক্ষম, তাদের বেশির ভাগ ক্ষেত্রে শারীরিক পরিচ্ছন্নতা ও পোশাক বদলের জন্য ব্যক্তিগত গোপনীয় স্থান থাকে না।

ডব্লিউএইচওর পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নেইরা বলেন, ডব্লিউএইচওর সাম্প্রতিক তথ্য একটি কঠোর বাস্তবতা তুলে ধরে: অপর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির কারণে প্রতিবছর ১৪ লাখ মানুষ প্রাণ হারায়। নারী ও মেয়েরা ডায়রিয়া ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো শুধু ‘ওয়াশ’ সম্পর্কিত সংক্রামক রোগের সম্মুখীন হয় না, তারা এর বাইরেও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়। কারণ, যখন পানি সংগ্রহ বা শুধু টয়লেট ব্যবহার করার জন্য তাদের বাড়ির বাইরে যেতে হয়, তখন তারা হয়রানি, সহিংসতা ও আঘাতের শিকার হওয়ার ঝুঁকিতে থাকে।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যবিধির অভাবও অসামঞ্জস্যপূর্ণভাবে নারী ও মেয়েদের ক্ষতিগ্রস্ত করে। অনেক দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার রান্না করা এবং অসুস্থদের দেখাশোনা করাসহ ঘরের কাজ ও অন্যদের যত্ন নেওয়ার জন্য প্রাথমিকভাবে নারী ও মেয়েরাই দায়বদ্ধ থাকে। এটি অনেক ক্ষেত্রে তাদের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে। হাত ধোয়াজনিত সুরক্ষার অভাবও তাদের অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকির মুখে ফেলে। গৃহস্থালি কাজে অতিরিক্ত সময় ব্যয় করা হলে তা মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে পড়াশোনা শেষ করার এবং কর্মসংস্থান লাভের সম্ভাবনাকেও সীমিত করতে পারে।

পানি সংগ্রহের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য কমাতে হলে শুধু পানির সরবরাহ বাড়ানোই যথেষ্ট নয় বলে মনে করেন হাসিন জাহান। তিনি প্রথম আলোকে বলেন, এর জন্য পুরুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। সার্বিকভাবে এর জন্য সামাজিক উদ্যোগ নিতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রায় ২২০ কোটি মানুষ বা প্রতি ৪ জনের মধ্যে ১ জনের এখনো বাড়িতে নিরাপদে সংগ্রহ করা খাওয়ার পানির অভাব রয়েছে। ৩৪০ কোটি মানুষ বা প্রতি ৫ জনের মধ্যে ২ জনের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা নেই। প্রায় ২ কোটি মানুষ বা প্রতি ৪ জনের মধ্যে ১ জন বাড়িতে সাবান ও পানি দিয়ে তাদের হাত পরিষ্কার করতে পারে না।

প্রতিবেদনে সবার জন্য ‘ওয়াশ’ পরিষেবা নিশ্চিত করার প্রতি কিছু অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে। ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যবর্তী সময়ে পরিবারগুলোর নিরাপদ খাওয়ার পানি প্রাপ্তির হার ৬৯ শতাংশ থেকে বেড়ে ৭৩ শতাংশে উন্নীত হয়েছে। নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনার হার ৪৯ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশে উন্নীত হয়েছে এবং মৌলিক স্বাস্থ্যবিধি সেবা ৬৭ থেকে বেড়ে ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।