সাভারে নকশা না মেনে বাড়ি নির্মাণ, অপসারণ, জরিমানা

নিয়ম না মানায় দুটি ভবন মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে রাজউক। এই দুটিসহ তিনটি ভবনের অবৈধ অংশের আংশিক অপসারণ করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকশাবহির্ভূত অংশ অপসারণ করছে রাজউক
ছবি: রাজউক থেকে পাওয়া

সাভারে নকশা না মানায় নির্মাণাধীন তিনটি ভবনের অবৈধ অংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে দুটি ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজউকের সংশ্লিষ্ট এলাকার অথরাইজড অফিসার প্রকৌশলী মোহাম্মদ নুর আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী মোহাম্মদ নুর আলম প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার রাজউকের আওতাধীন সাভারের বড়ওয়ালিয়া মৌজার আমবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

মোহাম্মদ নুর আলম জানান, আমবাগান এলাকার পানধোয়া বাজার রোডে অনুমোদিত নির্মাণাধীন একটি তিনতলা বাড়িতে নকশার ব্যত্যয় পাওয়া যায়। এই ভবনের অবৈধ অংশের আংশিক অপসারণ করা হয় ও ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৩০ দিনের মধ্যে ভবনটির অবৈধ বাকি অংশ অপসারণের জন্য ভবন মালিকের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়। একই সড়কে নির্মাণাধীন আরেকটি ছয়তলা ভবনেরও একাংশ অপসারণ করা হয়। এই ভবন মালিক  ১৫ দিনের মধ্যে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলবেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন। এই ভবন মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই সড়কের আরেকটি পাঁচতলা ভবনের (নির্মাণাধীন) আংশিক অপসারণ করা হয়েছে। এই ভবনের মালিক ৩০ দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণ করবেন বলে অঙ্গীকার করেছেন।