‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
চলমান সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপ করে কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও পেট্রলবোমা নিক্ষেপ, কোথাও অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়াই যেন তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না। পেট্রলবোমা হামলা করে কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে অবস্থানরত দলটির পলাতক সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, তাঁদের কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। একপর্যায়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।
সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, সরকার এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।
বাংলাদেশ এখন জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যা নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবে।