তরুণেরা সংবাদ বেশি দেখেন অনলাইনে, আস্থা বেশি ছাপা কাগজে
রাজধানীর মণিপুরিপাড়ার এক মেসে থাকেন প্রায় ৪০ শিক্ষার্থী। বছরখানেক আগেও এ মেসে একটি দৈনিক পত্রিকা রাখা হতো। এখন নেই। কারণ হিসেবে মেসের মালিক বুলু মিয়া বললেন, ‘কেউ তো পত্রিকা পড়তে চায় না। হাতে হাতে মোবাইল। সংবাদ দেখলে সেখান থেকেই দেখে। তাই পত্রিকা বন্ধ করে দিয়েছি।’
বুলু মিয়ার অভিজ্ঞতা, সাত-আট বছর আগেও এ মেসেই পত্রিকার জন্য মেসের শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। এখন সেই দৃশ্য উধাও।
মণিপুরীপাড়ার মেসের এ ঘটনা হয়তো অনেক স্থানেই ঘটেছে। দিন দিন ছাপা পত্রিকার চেয়ে অনলাইনে সংবাদ দেখার প্রবণতা বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের তরুণদের বড় অংশ অনলাইনে সংবাদ দেখেন। সংবাদ বেশি দেখলেও অনলাইনের ওপর তাঁদের ভরসা কম। তাঁদের আস্থা বেশি ছাপা কাগজের সংবাদে।
‘ফ্যাক্টরস এফেক্টিং ট্রাস্ট ইন নিউজ মিডিয়া অ্যামাং ইয়াং পিপল ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপভিত্তিক গবেষণাটি রাশিয়ার লমোনসভ মস্কো স্টেট ইউনিভার্সিটির সাময়িকী ‘ওয়ার্ল্ড অব মিডিয়া’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে চলতি বছরের আগস্টে। আর গবেষণা হয়েছে চলতি বছরের মে মাসে।
এ গবেষণার ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ২০০ জনের কাছ থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হয়, যাতে ৮ বিভাগের প্রতিটি থেকে ১৫০ ব্যক্তির অংশগ্রহণ থাকে। এর মধ্যে ৮৮৭ ব্যক্তি প্রশ্নপত্র পূরণ করেন। কিন্তু কিছু প্রশ্নপত্র অসম্পূর্ণ থাকায় শেষ পর্যন্ত ৪৩০ জনের মতামত গ্রহণ করা হয়।
বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭ কোটির বেশি। আর এর মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩০ শতাংশ।
গবেষণায় অংশ নেওয়া উত্তরদাতা ৪৩০ জনের মধ্যে ৫৫ শতাংশ পুরুষ, ৪৫ শতাংশ নারী। আর এর মধ্যে ১৮ থেকে ২৩ বছর বয়সীই বেশি। ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী। আবার নগরবাসীর সংখ্যাও প্রায় ৪০ শতাংশ।
তিন গবেষকের এ গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অব জার্নালিজমের শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষক মালিহা তাবাসসুম এবং দিল্লি ইউনিভার্সটির শিক্ষার্থী আপন দাশ।
গবেষণার উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গণমাধ্যম তথ্যের পাশাপাশি আস্থা বিক্রি করে। গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে হলে আস্থাশীল গণমাধ্যম দরকার। সেই গণমাধ্যমের ওপর পাঠকের আস্থা কেমন তা জানার তাগিদ থেকেই আমাদের এ গবেষণা। আর দেশের একটি বৃহৎ, সম্ভাবনাময় জনগোষ্ঠীর ওপর এ জরিপ করে আমরা আগামীর বাংলাদেশের গণমাধ্যমের কাছে জনচাহিদার চিত্র খোঁজারও চেষ্টা করেছি।’
তরুণদের গণমাধ্যম ব্যবহারের ধরন
তরুণদের গণমাধ্যমে কোন ধরনের বিষয় বেশি পছন্দ, সেদিকে গবেষণায় নজর দেওয়া হয়। দেখা গেছে, জেগে থাকার সময়ের মধ্যে প্রায় তিন ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন তাঁরা। আর প্রায় দুই ঘণ্টা ব্যয় করেন ইউটিউব বা টেলিভিশনে নাটক বা সিনেমা দেখে। মাত্র ২৫ মিনিট সময় ব্যয় করেন ছাপা কাগজ পড়ে। আর অনলাইনে সংবাদ দেখার সময় গড়ে ৩২ মিনিট। গড়ে প্রায় ৪৫ মিনিট টেলিভিশন দেখলেও কতটুকু সময় সংবাদ দেখেছেন, তা বলতে পারেননি প্রায় কেউই।
তরুণদের সংবাদের প্রধান উৎস ও আস্থা
ছাপা কাগজ, অনলাইন, টেলিভিশন ও ফেসবুকে আসা নিউজ ফিড থেকেই তরুণেরা প্রধানত সংবাদ পান। এর মধ্যে মাত্র ৯ শতাংশ তরুণের সংবাদ পাওয়ার উৎস ছাপা কাগজ। অন্যদিকে অনলাইন থেকে সংবাদ পান ৪৮ শতাংশের বেশি তরুণ। আর ফেসবুকে আসা সংবাদের ওপর ভরসা ৩০ শতাংশের। মুঠোফোনের অ্যাপ ব্যবহার করে প্রায় দুই–তৃতীয়াংশ তরুণ সংবাদ পান। অ্যাপের মাধ্যমে সংবাদ পাওয়া তরুণদের মধ্যে ৪২ শতাংশের বেশির বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। আর তাঁদের প্রায় ৫০ শতাংশই শিক্ষার্থী।
অনলাইন থেকে সংবাদ বেশি পড়লেও এখানে পাওয়া সংবাদের ওপর আস্থা সবচেয়ে কম তরুণদের। ৫৭ শতাংশই এখানে আস্থা পান না। এরপর আছে টেলিভিশন চ্যানেল। অন্য উৎসের চেয়ে ছাপা কাগজের সংবাদ বেশি বিশ্বাস করেন তরুণেরা। প্রায় ৩৮ শতাংশ তরুণ বলেছেন, তাঁদের ছাপা কাগজে বেশি আস্থা আছে। টেলিভিশনে আস্থার হার প্রায় ২২, রেডিওতে ১৭ আর অনলাইনে সবচেয়ে কম, ১৫ শতাংশ।
বয়স, লিঙ্গ, পেশা, শিক্ষাগত যোগ্যতা—এসবের নিরিখেই গণমাধ্যমের সংবাদে তরুণদের আস্থা কম। এর মধ্যে নারীদের চেয়ে পুরুষদের আস্থাহীনতা বেশি। প্রায় ৩৬ শতাংশ পুরুষের গণমাধ্যমের ওপর আস্থা কম, ১১ শতাংশের আস্থা চরমভাবে কম। গণমাধ্যমের ওপর আস্থা কম থাকা নারী ২৮ শতাংশ। খুবই কম আস্থা ৯ শতাংশের বেশি নারীর।
অনলাইনে সংবাদ বেশি দেখা আবার তাতে বিশ্বাস কম—এই বৈপরীত্যের কারণ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, অনলাইনে আগে প্রকাশ তারপর সম্পাদনার দিকে নজর থাকে। তাই অনেক তথ্যই এখানে যাচাইবিহীন অবস্থায় প্রকাশ হয়ে যায়। এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমেই পান তরুণেরা। তাই সেসব ‘তথ্য’ নামের ‘অপতথ্যের’ সঙ্গে মূলধারার অনলাইনকে মানুষ গুলিয়ে ফেলেন। তাই সেখানে আস্থা তাঁদের কম।
গণমাধ্যমে আস্থা কম কেন তরুণদের
গণমাধ্যমে আস্থা কম থাকার কারণ হিসেবে রাজনৈতিক পক্ষপাতিত্ব, বাণিজ্যিক স্বার্থ, সঠিক তথ্যের ঘাটতি, দুর্বল লেখা, শিরোনামের সঙ্গে মূল সংবাদের মিল না থাকা, অগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের কথা উল্লেখ করেন। দুই-তৃতীয়াংশ উত্তরদাতা মনে করেন, গণমাধ্যম সংবাদ পরিবেশনের সময় পক্ষপাতিত্ব করে। ভুল সংবাদ করেও সে সম্পর্কে পাঠককে না জানানো এবং ফলোআপ সংবাদ না থাকাটাও গণমাধ্যমের প্রতি তাঁদের আস্থা কমিয়ে দিয়েছে বলে জানান তরুণেরা।
গণমাধ্যম বিষয়ে একাধিক গবেষণার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, ‘আমাদের পাঠকদের সচেতনতা বেড়েছে। তারা দেখছে, তাদের ভাবনাগুলো গণমাধ্যমে উপেক্ষিত। তাই তারা সেখান থেকে মুখ সরিয়ে নিচ্ছে। তরুণ জনগোষ্ঠীর কাছে ডিজিটাল দুনিয়া বিপুল তথ্যের সম্ভার উন্মুক্ত করেছে। তারা কোনো সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা বুঝতে অনেকটাই সক্ষম। এমন বার্তা বেশি পরিমাণ এলে তা যে এই গোষ্ঠী গ্রহণ করবে না, তা ধরে নেওয়া যায়।’
গবেষণায় বলা হয়েছে, মূলধারার গণমাধ্যমের প্রতি আস্থা কম হওয়ার ফলে ভবিষ্যতের বিপুল পাঠক হারিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত সেটা গণমাধ্যমের ক্ষতিই বয়ে আনবে।
অধ্যাপক শামীম রেজা মনে করেন, এ গবেষণা তাৎপর্যপূর্ণ এই কারণে যে এটা ভবিষ্যতের গণমাধ্যমের সম্ভাব্য অবস্থার একটি ধারণা দিচ্ছে। তিনি বলেন, ‘গণমাধ্যম কর্তৃপক্ষের সক্রিয়তা ও সচেতনতার বার্তা দিচ্ছে এ গবেষণা।’