সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ২৫ ফেব্রুয়ারি
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার রায় ঘোষণার জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই দিন ধার্য করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি।
ফকির জাহিদুল ইসলাম আরও বলেন, দুদকের পক্ষে প্রসিকিউটর নুরে আলম আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আদালত সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ২১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলায় তাঁর বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কুমিল্লা থেকে সম্রাট ও তাঁর সহযোগী যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাট জামিন পান।