দেশব্যাপী হেফাজতে ইসলামের দোয়া অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজত ইসলাম বাংলাদেশ

দেশব্যাপী হেফাজতে ইসলামের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ব্যক্তিদের মাগফিরাত এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের পর এ দোয়া হয়।

গণমাধ্যমে সংগঠনের প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা চলছে। দুই দেশে গৃহহীন হয়েছেন লাখো মানুষ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রামের মসজিদে, সিনিয়র নায়েবে আমির শাহ মুহাম্মাদ ইয়াহইয়া আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মসজিদে, নায়েবে আমির মুহিব্বুল হক গাছবাড়ী দরগাহ মসজিদ সিলেটে, নায়েবে আমির আবদুল আওয়াল ডিআইটি নারায়ণগঞ্জের মসজিদে, মহাসচিব সাজিদুর রহমান জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাক্ষণবাড়িয়ার মসজিদে, যুগ্ম মহাসচিব মুহিউদ্দিন রাব্বানী ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদ গুলিস্তানে, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী মসজিদ-ই-নূর সেগুনবাগিচায়, প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারী মসজিদুত তাকওয়া উত্তরায়, কেন্দ্রীয় নেতা শাব্বির আহমাদ শহীদী মসজিদ কিশোরগঞ্জে, আদনান মাসউদ মোহাম্মাদী হোমস জামে মসজিদ মোহাম্মদপুরে দোয়ায় অংশ নেন। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরনের বালা–মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহকে রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের দিকনির্দেশনা বিশেষভাবে তুলে ধরেন। তাঁরা নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তিগফার করে সব দুর্যোগ থেকে মুক্তির জন্য মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন।