এক ছাদ থেকে লাফিয়ে আরেক ছাদে যেতে গিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলার মানচিত্র

ঢাকার নবাবগঞ্জ এলাকায় ক্রিকেটের বল আনতে নিজেদের ভবনের ছাদ থেকে লাফিয়ে পাশের বাড়ির ছাদে যাওয়ার সময় পড়ে তুষার আহমেদ ওরফে কায়েস (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তুষার নবাবগঞ্জের রহমতউল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, তুষার তার মা–বাবার সঙ্গে নবাবগঞ্জের ৮/এ সাত শহীদ কমিউনিটি সেন্টার–সংলগ্ন নিজেদের ছয়তলা বাড়ির চতুর্থ তলায় থাকত। বিকেল চারটার দিকে ওই ভবনের অন্য ছেলেদের সঙ্গে ছয়তলার ছাদে ক্রিকেট খেলতে যায়। খেলার একপর্যায়ে বলটি পাশের লাগোয়া ভবনের ছাদে গিয়ে পড়ে। বল আনতে তুষার তাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পাশের ছাদে যেতে গেলে দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত স্বজনেরা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

তুষারের বাবা দেলোয়ার হোসেন প্রসাধনীর ব্যবসায়ী। তুষার মা-বাবার একমাত্র সন্তান ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি নবাবগঞ্জ থানায় জানানো হয়েছে।