ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মনোরম সন্ধ্যা
শ্রাবণসন্ধ্যায় বাঁশির সুরের ইন্দ্রজালে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ক্লাবের উদ্যোগে এই বাঁশি সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। সঞ্চালনা করেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদসহ ক্লাবের সদস্য ও পরিবার এবং সংগীতানুরাগী শ্রোতারা।
রাগ শ্যাম কল্যাণে সংক্ষিপ্ত আলাপ দিয়ে পরিবেশনা শুরু করেন ওস্তাদ আজিজুল ইসলাম। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর পরিবেশন করেন রাগ হংসধ্বনি। রাগ জয়-জয়ন্তী, মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন ও আরও কয়েকটি রাগ ছোট করে বাজান। দরবারি কানাড়া ও চারুকেশি রাগের বাদন দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শ্রোতারা যখন ফিরে যাচ্ছিলেন, তাঁদের কানে অনুরণিত হচ্ছিল বাঁশির অপূর্ব সুর ও মুর্ছনা। এমন একটি চমৎকার আয়োজনের জন্য তাঁরা ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।