‘এয়ার ফ্রাইয়ারে’ দেড় কোটি টাকার সোনা, বিমানবন্দরে যাত্রী আটক
সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ছাড়া রান্নার বৈদ্যুতিক পণ্য ‘এয়ার ফ্রাইয়ার’ সঙ্গে এনেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জসিম উদ্দিন। আজ বুধবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের। সন্দেহ থেকে কার্টন খুলে এয়ার ফ্রাইয়ার হাতে নিতেই ওজন বেশি হওয়ায় তাঁদের সন্দেহ বাড়তে থাকে। শেষে লোক এনে এয়ার ফ্রাইয়ার ভেঙে উদ্ধার করা হয় সোনা।
এনএসআইয়ের এক কর্মকর্তা জানান, জসিমের কাছ থেকে ২ কেজি ৪৩০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।
এনএসআই জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী জসিম উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা সোনা কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।