শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা
হতাহত ও অ্যাম্বুলেন্সের জন্য এক কোটি ৭১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর পাশে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিবার, আহত চারজন এবং দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ১ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্য, আহত চারজন এবং অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিসহ সাতজনের করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ প্রদানসংক্রান্ত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৫৩ ধারা অনুসারে ‘আর্থিক সহায়তা তহবিল’ গঠনের অগ্রগতি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে (বিআরটিএ চেয়ারম্যান) জানাতে বলা হয়েছে।
‘স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ হারালেন স্বামী’ শিরোনামে গত ২৬ এপ্রিল প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এটিসহ এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে নিহত অ্যাম্বুলেন্সচালক দ্বীন ইসলামের স্ত্রী, সবজি বিক্রেতা আয়নাল হোসেনের মেয়ে, আয়নালের আহত তিন ছেলে, অ্যাম্বুলেন্সচালকের আহত সহকারী ও অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের পরিচালক আবেদনকারী হয়ে গত ৩১ জুলাই ওই রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আওলাদ হোসেন।
পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে নিহত অ্যাম্বুলেন্সচালক দ্বীন ইসলামের স্ত্রী ডলি পারভীনকে ৭০ লাখ ৫০ হাজার টাকা, নিহত সবজি বিক্রেতা আয়নালের মেয়ে রোজিনা খাতুনকে ৫০ লাখ ৫০ হাজার টাকা, আয়নালের আহত তিন ছেলে ফরহাদ হোসেনকে ৮ লাখ টাকা, ফিরোজ হোসেনকে ৪ লাখ টাকা ও ফরিদ হোসেনকে ৮ লাখ টাকা, অ্যাম্বুলেন্সচালকের সহকারী দুলফিজুর রহমানকে ৯ লাখ টাকা এবং দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের পরিচালক আবদুল আলী বাশারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ঢাকার রূপনগরের সবজি বিক্রেতা আয়নাল হোসেনের (৫৫) স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ নিয়ে আয়নাল হোসেন ঢাকা থেকে গাইবান্ধায় বাড়িতে ফিরছিলেন। তবে পথে বাসের চাপায় আয়নালও বাড়ি ফিরেছেন লাশ হয়ে। একই দুর্ঘটনায় ওই অ্যাম্বুলেন্সের চালকও নিহত হন। ২৫ এপ্রিল বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্সচালক দ্বীন ইসলামের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানায়। এ দুর্ঘটনায় নিহত আয়নাল হোসেনের তিন ছেলে গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লাশবাহী অ্যাম্বুলেন্সটি ২৫ এপ্রিল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতু এলাকায় পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আয়নাল হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্সচালক দ্বীন ইসলাম ও আয়নাল হোসেনের তিন ছেলেকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সচালক দ্বীন ইসলাম মারা যান।