নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাজধানীর এনএসইউপ্লাজায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে ২ হাজার ৬০০ জনের বেশি শিক্ষার্থী স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।

উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সদস্য ইয়াসমিন কামাল।

রেজিস্ট্রার আহমেদ তাজমীন নবাগতদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন হেলাল আহমেদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুর রব খান, ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন জাভেদ বারী এবং হেলথ ও লাইফ সায়েন্সেসের ডিন হাসান মাহমুদ নিজ নিজ অনুষদ সম্পর্কে নবাগতদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

প্রধান অতিথি জাভেদ মুনির আহমেদ উচ্চ শিক্ষার যাত্রার জন্য এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের তাৎপর্য নবাগত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। শ্রেণিকক্ষ, শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে শেখার  ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উত্সাহিত করেন তিনি।

বিশেষ অতিথি ইয়াসমিন কামাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেছে নেওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য আতিকুল ইসলাম শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান। সন্তানেরা যাতে মনোযোগী ও তাদের শিক্ষাগত উন্নতির জন্য নিরলসভাবে কাজ করেন সেই তাগিদ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।