সাইবার নিরাপত্তা আইন

রাষ্ট্র মানবাধিকারবান্ধব না হলে বাতিল হওয়া আইনে মামলা চালায়: রেজাউর রহমান লেনিন

রেজাউর রহমান লেনিন একজন অধিকারকর্মী ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক। সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভ কনস্টিটিউশনাল লতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। সুইডেনের লান্ড ইউনিভার্সিটি থেকে টেকনোলজি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, ইউনিভার্সিটি অব সিডনি থেকে হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেটাইজেশন এবং দক্ষিণ কোরিয়ার সাংকোংহো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার এশিয়া এনজিও স্টাডিজেও স্নাতকোত্তর করেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ ও সুহাদা আফরিন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউর রহমান লেনিন
ছবি: সাক্ষাৎকারদাতার সৌজন্যে
প্রশ্ন:

ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে। বিষয়টি নিয়ে আপনি কী বলবেন?

রেজাউর রহমান লেনিন: নাগরিকদের প্রত্যাশা ছিল আইনটি পুরোপুরি বাতিল করা হবে। কারণ, এটি অসম্ভব মাত্রায় নিপীড়নমূলক, নিবর্তনমূলক আইন। আইনটি থেকে দেশের মানুষ মুক্তি চেয়েছে, স্বাধীনতা চেয়েছে। কিন্তু দেখা গেল, আইনটি বাতিল নয়, নামকাওয়াস্তে কিছু ধারার পরিবর্তন করা হচ্ছে। এ পরিবর্তন আসলে নাগরিকদের মৌলিক মানবাধিকার সুরক্ষায় খুব কাজে আসবে না।

প্রশ্ন:

কেন কাজে আসবে না?

রেজাউর রহমান লেনিন: কারণ হলো, এ আইনে আসলে মামলার পর প্রথম তিন–চার মাস হয়রানি করা হয়। এরপর যখন জামিন হয়ে যায়, তখন মামলার হাজিরা দিয়ে যেতে হয়, বছরের পর বছর সেই মামলাগুলো চলে, অনেক সময় সাক্ষী আসে না, সাক্ষী আসে তো অভিযোগকারীর খবর নেই। মামলায় উচ্চ আদালত পর্যন্ত গিয়ে সাজা হওয়ার ঘটনা নেই। তাই সাজা কমানোর কিংবা বাড়ানো, কিংবা সাজার মাত্রা পরিবর্তনের ঘটনায় নাগরিকদের অধিকার বা সুরক্ষা হবে না। আর মানুষের যে হয়রানি ও ভোগান্তি, সেটাও কমবে না।

প্রশ্ন:

মানহানির ক্ষেত্রে কারাদণ্ডের বিধান বাতিল করা হচ্ছে। ফলে কাউকে গ্রেপ্তার করা হবে না। বিষয়টি কীভাবে দেখছেন?

রেজাউর রহমান লেনিন: বিশ্বের সভ্য দেশগুলোয় মানহানিকে অপরাধ হিসেবে ধরা হয় না। মানহানিকে অপরাধ গণ্য না করার জন্য বিভিন্ন সভ্য দেশে আন্দোলন ছিল, আছে, যা মতপ্রকাশের লড়াই। বাংলাদেশে অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানি হয়েছে বলে মামলা করা হয়। বিশ্বের কোনো আইনি ব্যবস্থায় মানহানি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে হতে পারে না। বাংলাদেশে নতুন আইনে মানহানির জরিমানা সর্বোচ্চ ২৫ লাখ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। একজন সাধারণ সাংবাদিক বা নাগরিক সমাজের একজন প্রতিনিধির পক্ষে এই জরিমানার টাকা সৎ উপার্জনের মাধ্যমে পরিশোধ করা তাঁর আর্থিক  ক্ষমতার বাইরে।

প্রশ্ন:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন আইনে বিভিন্ন ধারায় জামিনের বিধান যুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আপনার মতামত কী?

রেজাউর রহমান লেনিন: জামিনের বিধান নিয়ে আমার তত্ত্বগতভাবে কোনো অভিযোগ ছিল না। ছিল প্রায়োগিক, কেননা একটি মামলা যখন করা হয় জামিনযোগ্য ধারার সঙ্গে অজামিনযোগ্য ধারা যোগ করে দেওয়া হয়। তাই অজামিনযোগ্য ধারা ১৪টি থেকে কমে এলেও সেটা আইনের প্রায়োগিক দিক থেকে অভিযুক্ত ব্যক্তির কোনো কাজে আসবে না।

প্রশ্ন:

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ডিজিটাল নিরাপত্তা আইনের আটটি ধারা সংশোধন ও দুটি ধারা পুরোপুরি বাতিলের সুপারিশ করেছিল। জাতিসংঘের সুপারিশ কি গ্রহণ করা হয়েছে?

রেজাউর রহমান লেনিন: নাগরিক হিসেবে নতুন আইনের খসড়ার অনুলিপি এখনো পাইনি। জাতিসংঘ যে সুপারিশ করেছে, তা দেড়–দুই বছর আগে এবং প্রশ্ন আছে, জাতিসংঘ কাদের সঙ্গে কথা বলে সেই সুপারিশ করেছিল? পরিস্থিতি তখন সহিংস ছিল এবং এখনো সেই অবস্থায় আছে। এর মধ্যে একজন ৭৮ বছর বয়সী সাংবাদিকের নামে মামলা হয়েছে, শিশুর নামে হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো তো দুঃখজনক নয়, এটা আসলে অন্যায়।

প্রশ্ন:

ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক অস্পষ্ট শব্দ ও ধারা রয়েছে। সেগুলো স্পষ্ট করা নিয়ে কোনো প্রতিশ্রুতি শুনিনি। আপনি কী বলবেন?

রেজাউর রহমান লেনিন: এগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা লিখিত দিয়েছি, পত্রিকায় লিখেছি। তাঁরা নোট নিয়েছেন আমাদের উত্তর দেবেন বলে, তাঁরা কি নাগরিকদের উত্তর দিয়েছেন? দ্বিতীয়বার আমন্ত্রণ করেছেন? করেননি, কারণ, বিষয়গুলো তাঁদের বিবেচনার মধ্যে কখনোই ছিল না।

প্রশ্ন:

আগামী সেপ্টেম্বরে নতুন সাইবার নিরাপত্তা আইন জাতীয় সংসদে উঠবে। কিন্তু অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি উঠছে।

রেজাউর রহমান লেনিন: সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। নাগরিক সমাজ এটির খসড়া পায়নি। যতটুকু লোকমুখে শুনেছি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে খসড়াটি করা হচ্ছে। তারা খসড়া করার পর নাগরিকদের সঙ্গে আলোচনা না করে মন্ত্রিপরিষদে তুলে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পরে সেটা সংসদে যাবে। অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত ও কৈফিয়ত দিতে বাধ্য প্রক্রিয়ায় আইন প্রণয়ন না করা হলে তা বৈধ নয়, হয়তো আইনিভাবে ঠিক আছে। কিন্তু বাংলাদেশের নাগরিকেরা তা মেনে নেবেন না।

আরেকটি বিষয় হলো, সাইবার নিরাপত্তা আইনে ‘নিরাপত্তা’ শব্দটি থাকা উচিত নয়। এই শব্দ যখন ব্যবহার করি, তার সঙ্গে সঙ্গে আমরা অনিরাপদ বোধ করি। এটা হওয়া উচিত ছিল সাইবার সুরক্ষা আইন কিংবা নাগরিকদের জন্য সাইবার সুরক্ষা আইন, যা একই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা দেবে, নিরাপত্তার নামে পুলিশি স্মরণ চিহ্ন দেবে না। সেটা আসলে হয়নি।

প্রশ্ন:

বলা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের পুরোনো মামলাগুলো নতুন আইনে চলবে। এটিকে কীভাবে দেখছেন?

রেজাউর রহমান লেনিন: এখানে দুটি বিষয় আছে। যখন কোনো আইন বাতিল হয়ে যায় এবং সেটা যদি নিপীড়নমূলক থাকে, রাষ্ট্র যদি স্বীকার করে নেয়, এটা নিপীড়নমূলক এবং পরিবর্তন করে তাহলে রাষ্ট্র নাগরিকদের কাছে ক্ষমা চায়। ভুক্তভোগীর সঙ্গে আলাপ করে, আলোচনা করে এবং তাঁর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ক্ষতি পোষানোর জন্য কাজ করে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত স্বীকার করেনি যে আইনটি নিপীড়নমূলক, যা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকারক। কোনো রাষ্ট্র যদি মানবাধিকারবান্ধব না হয়, তাহলে বাতিল হওয়া আইনে মামলা চালায়। বাংলাদেশ কি তেমন রাষ্ট্র?

প্রশ্ন:

তাহলে সারমর্ম কী দাঁড়াল, ডিজিটাল নিরাপত্তা আইন বদলে নতুন আইন করার স্বস্তিকর দিক কতটুকু?  

রেজাউর রহমান লেনিন: আসলে স্বস্তি নয়, বিষয়টি নাগরিকদের ওপর মানসিক চাপ তৈরি করেছে। অনেক নাগরিক সকালে মনে করেছেন, তাঁর ভাইয়ের নামে, বোনের নামে, বাবার নামে মামলাটা আজকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তাঁরা কয়েক ঘণ্টা পর বুঝলেন আইন আসলে বাতিল হয়নি, পরিবর্তন হয়েছে, যা নাগরিকদের পুনরায় হতাশ করেছে।