হামের প্রাদুর্ভাবের কারণ চিহ্নিতে কমিটি গঠন চেয়ে করা রিট আবেদনে আদেশ আগামীকাল
দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি সমন্বয়ে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে আগামীকাল মঙ্গলবার আদেশের দিন ঠিক করেছেন হাইকোর্ট।
এই আবেদনের ওপর আজ সোমবার শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
হাম নির্মূলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে হঠাৎ এ বছর রোগটির প্রাদুর্ভাব দেখা দেয়। গত তিন মাসে প্রায় ৫০০ শিশু মারা যায় হাম ও হামের উপসর্গ নিয়ে, শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
অন্তর্বর্তী সরকারের আমলে টিকাদান ব্যাহত হওয়াকে এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞ দাবি করে আসছেন। এর মধ্যেই মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে ১০ মে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিদুল ইসলাম জনি।
রিট আবেদনে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
সারা দেশে হাম ও জলাতঙ্ক টিকার প্রাপ্যতা, পর্যাপ্ততা ও সরবরাহের বর্তমান অবস্থা সম্পর্কে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে এই রিট আবেদনে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিদুল ইসলাম জনি সোমবার শুনানি শেষে প্রথম আলোকে বলেন, ‘আদালত রিটের ওপর আদেশের জন্য আগামীকাল দিন রেখেছেন। এর আগে শুনানি হবে।’