আপিল মঞ্জুর, ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রিধারীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সনদ ইস্যু ও তাঁদের প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাওয়ার অনুমতির নির্দেশ–সংবলিত রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত।
১০ বছর আগে হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এ রায় দেন। ফলে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আইনজীবীদের তথ্যমতে, রেজিস্ট্রেশন সনদ ইস্যুসহ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃতি প্রদানে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ১৩ জুন হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০১৭ সালে আপিল করে। এই আপিল সমর্থন করে বিডিএস পাস করা ডেন্টিস্টদের পক্ষে একজন চিকিৎসক বিবাদী হিসেবে যুক্ত হন। শুনানি শেষে আপিল মঞ্জুর করে বুধবার রায় দেওয়া হয়।
আদালতে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল আলম। বিডিএস পাস করা ডেন্টিস্টদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মো. আনোয়ার হোসেন। রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী সৈয়দা নাসরিন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন (নিবন্ধন) দিতে বিএমডিসিকে নির্দেশ দিয়েছিলেন। তাঁদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতির নির্দেশ ছিল। আপিল বিভাগ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের করা আপিল মঞ্জুর করেছেন। হাইকোর্টের রায় বাতিল হয়েছে। ফলে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।