ঢাকার ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে তেহরান: ইরান দূতাবাস

ইরানের পতাকাফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রসারে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করার প্রচেষ্টা ঢাকার ইরান দূতাবাস অব্যাহত রাখবে। মঙ্গলবার ঢাকার ইরান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে ইরান ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ঢাকার ইরান দূতাবাস আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানায়। দূতাবাস দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ সম্পৃক্ততা ও উদ্যোগগুলোকে আন্তরিকভাবে অনুসরণ করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ইরান সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রসারে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের প্রশংসা করে, যা এই অঞ্চল এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিপ্লবের নেতা, উম্মাহর নেতা ও ইরানের মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার জন্য দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে একটি শোক প্রস্তাব গৃহীত হওয়ায় বিশেষ প্রশংসা করছে, যা একটি উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী উদ্যোগ।

ঢাকায় ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উপস্থিতির জন্য দূতাবাস কৃতজ্ঞতা প্রকাশ করছে। এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসাসহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেরও দূতাবাস প্রশংসা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতবাসের পক্ষ থেকে বলা হয়, ইরান বাংলাদেশ সরকার ও জনগণের সমর্থনের প্রশংসা করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের শুরু করা যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে তাদের বেআইনি আগ্রাসনের ফলে নিহত বাংলাদেশি নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান দূতাবাস হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এ ছাড়া আজারবাইজানের মাধ্যমে ইরান থেকে বাংলাদেশের ১৮৬ জন নাগরিকের নিরাপদ প্রত্যাবর্তনও সহজতর করেছে।

মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম সাক্ষাৎকারের নির্বাচিত অংশ প্রচারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকার ইরান দূতাবাস। ভুল ও সংবাদের নির্বাচিত অংশ উপস্থাপনা দুঃখজনক এবং দায়িত্বশীল গণমাধ্যম আচরণের নীতির পরিপন্থী বলেও মনে করে দূতাবাস।