‘ভিসার মেয়াদ আছে তিন দিন, এখন কী করি’

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজিব বৈরাগী। তিনি কুয়েতে যাবেন। ফ্লাইট বাতিলের কারণে তিনি চরম অনিশ্চয়তায় ভুগছেনছবি: প্রথম আলো

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট আজ সোমবার বাতিল করা হয়েছে। এই ফ্লাইটগুলোর সংযুক্ত আরব আমিরাত (দুবাই), বাহরাইন, কুয়েত ও কাতারে যাওয়ার কথা ছিল। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে উড়োযাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার দেশি-বিদেশি বিভিন্ন উড়োজাহাজ সংস্থার ২৩টি ফ্লাইট বাতিল হয়। গতকাল রোববার বাতিল হয় ৪০টি ফ্লাইট। আর আজ ৩৯টি ফ্লাইট বাতিল হলো। তিন দিনে সব মিলিয়ে ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাঁদের ভিসার মেয়াদ কম, তাঁরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। এমনই একজন যাত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রাজিব বৈরাগী। তিনি কুয়েতে যাবেন। রাজিব বৈরাগী বলেন, ‘আমার ভিসার মেয়াদ আছে মাত্র তিন দিন। এখন কী করব, বুঝতে পারছি না।’

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা অস্পষ্ট। ফলে বাতিল হওয়া ফ্লাইটের অনেক যাত্রীকে হতাশ হয়ে বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে।

ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দর থেকে ফেরত যাচ্ছেন এক যাত্রী। আজ সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজিব বৈরাগী প্রথম আলোকে জানান, তাঁর দুবাই হয়ে কুয়েতে যাওয়ার কথা ছিল। তিনি গত শুক্রবার ঢাকায় আসেন। শনিবার ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। এমিরেটস এয়ারলাইনসের টিকিট কেটেছিলেন তিনি। বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে না পারায় এয়ারলাইনস কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারিনি। এ জন্য কোনো সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছেন না তিনি।

ভিসার মেয়াদ আর মাত্র তিন দিন আছে জানিয়ে রাজিব বৈরাগী বলেন, তিনি অনেকটা অনিশ্চিত, অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছেন।