চীনের গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ফাইল ছবি

আগামী শুক্রবার (১৮ই আগস্ট) চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই দিন বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে রওনা করবে বিমানটি। স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। একই দিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত পৌনে আটটায় রওনা করে রাত সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবে।

আজ মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রীরা বিমানের যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কিনতে পারবেন। তবে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকেট কেনা যাবে। এ রুটে যাতায়াতকারী আগ্রহী যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট http://bd.china-embassy.gov.cn/lsyw/lsxx/ ও বিমানের ওয়েবসাইটে দেওয়া https://www.biman-airlines.com/travelAdvisory হালনাগাদ ভ্রমণ নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

এই রুটে বিমান চলাচল নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। আজ ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা নিয়ে আলোচনা হয়। এ সময় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনা নিয়েও আলোচনা করেছেন বিমানের সিইও।

এ সময় লি জিমিং চীনে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।