পুরান ঢাকার মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত মরদেহ

রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাকিবা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্প সংলগ্ন একটি মেস থেকে রাকিবার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

মেসের সদস্য ও জবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী বলেন, সারা দিন রাকিবার রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তাঁর এক বান্ধবী আসেন। তখন দরজা ধাক্কা দেন তাঁরা। ১৫–২০ মিনিট ধাক্কা দেওয়ার পরেও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন দেন। পরে নিচ থেকে একটি ছেলে এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয় তাঁর মায়ের। তখন তিনি মেসে একাই ছিলেন এবং মাকে জানান, তাঁর শরীর ভালো নেই, পরে কথা বলবেন। এরপর আর পরিবারের কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।

রোববার রাকিবার মা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে বিষয়টি তাঁর বান্ধবীদের জানান। পরে বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
রাকিবার ছোট ভাই নাঈম হোসেন জানান, সোমবার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। সে জন্য তিনি বাসের টিকিটও কেটেছিলেন।

কোতোয়ালি থানার এসি নাজমুল হক বলেন, রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এখনো ঘটনার বিস্তারিত জানা যায়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

জবির সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, রাকিবার পরিবারকে জানানো হয়েছে। তাঁরা আসছেন। মরদেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।