বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব আরও করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএইচ ইস্পাত–প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করে প্রথম আলো। ঢাকা, ৯ আগস্ট
ছবি: আশরাফুল আলম

জিপিএইচ ইস্পাত–প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবকে সফল ও ইতিবাচক উল্লেখ করে এই ধরনের উৎসব আরও আয়োজনের পরামর্শ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ক্ষেত্রে তাঁরা আরও কিছু বিষয় যুক্ত করারও পরামর্শ দিয়েছেন।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় সভায় এই পরামর্শ দেওয়া হয়। এর আগে গত ২৩ ও ২৪ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব। এ ভর্তি উৎসবে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টারসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। উৎসবের আয়োজক ছিল প্রথম আলো। আর টাইটেল স্পনসর ছিল জিপিএইচ ইস্পাত। সহপৃষ্ঠপোষকতায় (পাওয়ার্ড বাই) ছিল টিভিএস। ইভেন্ট পার্টনার (অনুষ্ঠান সহযোগী) অ্যানেক্স কমিউনিকেশন।

এই উৎসবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়েই আজ শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করে প্রথম আলো।

শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারজানা হক বলেন, এই উৎসবের মাধ্যমে একসঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়ার বিষয়টি ছিল ভালো দিক। কারণ, প্রত্যেক বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য বিষয়।

জিপিএইচ ইস্পাত–প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবে অংশগ্রহণকারীদের নিয়ে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় সভা। এতে বিভিন্ন পরামর্শ উঠে আসে। ঢাকা, ৯ আগস্ট
ছবি: আশরাফুল আলম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) আবু সাদাত বলেন, এই ধরনের উৎসবে দ্বিতীয়বার যোগ দিতে তাঁদের আর বেগ পেতে হবে না। তিনি বলেন, উৎসবে তাঁদের বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক এসেছিলেন। তাঁরাও খুশি হয়েছেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) সাজেদ ফাতেমী বলেন, ওই উৎসবে তাঁদের সফলতা ছিল অনেক। ৯০০ জনের বেশি শিক্ষার্থী ও অভিভাবক তাঁদের কাছে ভর্তি সম্পর্কে জানতে এসেছিলেন। এর মধ্যে ২০ জন সরাসরি ভর্তি হয়েছেন। আর ২৭ জন ভর্তির ফরম পূরণ করেছিলেন, তাঁরাও ভর্তি হয়েছেন। এই ধরনের উৎসব বছরে দুবার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সহযোগী অধ্যাপক মুনির আহমদ বলেন, এই উৎসব সফল ও সার্থকভাবে সমাপ্ত হয়েছে। সবকিছুই ছিল সুন্দর।

পরে এই ধরনের উৎসব ফেসবুকে লাইভ করার পরামর্শ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক দীপ্তি সরকার। এ রকমভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নানা ধরনের পরামর্শ দেন।

শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ঢাকা, ৯ আগস্ট
ছবি: আশরাফুল আলম

শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো সব সময় তরুণদের, ছাত্রছাত্রীদের গুরুত্ব দেয়। যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো—এটি হলো প্রথম আলোর মূল বিষয়। এর সঙ্গে অন্যান্য বিষয় তো আছে। তবে পথ চলতে গেলে একা হয় না, পাশে হাত বাড়ানোর মানুষ লাগে। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করেন।

প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, জিপিএইচ ইস্পাত বাংলাদেশের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ফিলিপ বড়ুয়া, টিভিএস অটো বাংলাদেশের মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আশরাফুল হাসান, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আঞ্জুমান আরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।