‘মৃতেরা’ যদি ফিরে না আসত…

মরদেহপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা–১

২০১৭ সালের ২০ মে পুরান ঢাকার কদমতলী থানা–পুলিশের কাছে ইগলু আইসক্রিম কারখানার সামনের খুপরি ঘরে একটি মরদেহ পড়ে থাকার খবর আসে। মরদেহে এতটা পচন ধরেছিল যে চেনার উপায় ছিল না। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করে। তাতে কে খুন হন, সেটি উল্লেখ করা হয়নি। পুলিশ খুন হওয়া ব্যক্তির পরিচয় উদ্ধারে মাঠে নামে। পাশাপাশি খুনি গ্রেপ্তারে অভিযান চলে। পরে বিল্লাল হোসেন ও জালাল ওরফে শাহজালাল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, সেদিন খুন হয়েছিলেন ইমরান। আর খুনে জড়িত ছিলেন মজিবর, সুমন, শুভ, জুয়েল ও কামরুল।

জবানবন্দিতে খুনি হিসেবে যাঁদের নাম উঠে আসে, তাঁদের প্রত্যেককে গ্রেপ্তারও করা হয়। তবে পুলিশ যখন খুন হওয়া ইমরানের পূর্ণাঙ্গ ঠিকানা খুঁজতে ভোলায় যায়, তখন আগের ঘটনা উল্টে যায়। পুলিশ জানতে পারে, কদমতলীতে যে যুবক খুন হয়েছিলেন, তিনি ইমরান নন। ইমরান বেঁচে আছেন। সেদিন খুন হয়েছিলেন আসলে মজিবর, যিনি ইমরানের সঙ্গে ওই খুপরি ঘরে থাকতেন। ভোলার আরেকটি খুনের মামলায় গ্রেপ্তার হয়ে ইমরান তখন কারাগারে। ইমরানকে মজিবর খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনা–২

প্রথম আলোতে ছাপা হওয়া প্রতিবেদন
প্রথম আলো

২০২০ সালের ৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাড়ি থেকে বের হয়ে ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়। তাকে না পেয়ে প্রায় মাসখানেক পর ৬ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করেন তার বাবা। মামলায় বাদী উল্লেখ করেন, আসামি আব্দুল্লাহ তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় পুলিশ অটোরিকশাচালক রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে। কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে— তিন আসামি আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিখোঁজ হওয়ার ৫১ দিন পর মেয়েটি বাড়িতে টাকা চেয়ে ফোন করলে তখন জানা যায়, সে বেঁচে আছে। মেয়েটি একজনকে বিয়ে করে সংসার করছে। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ কিশোরীকে উদ্ধার এবং তার স্বামী ইকবালকে আটক করে।

ঘটনা–৩

মা–বাবার মাঝে কিশোর আবু সাঈদ।
ছবি: সংগৃহীত

ঘটনার সূত্রপাত রাজধানীর হাজারীবাগ থানা এলাকায়। আজম নামে এক ব্যক্তি ২০১৪ সালের ১৫ এপ্রিল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন। আজম দাবি করেন, তাঁর ছেলে আবু সাঈদ সেদিন হাজারীবাগের বড় মসজিদ মাতৃপীঠ স্কুলের উদ্দেশে রওনা হয়। কিন্তু আর বাসায় ফেরেনি। অপহরণ মামলাটি প্রথমে তদন্ত করে হাজারীবাগ থানার পুলিশ। ২০১৪ সালের ২২ জুলাই পুলিশ আজগর আলী ও মিলন নামের দুই আসামিকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করে। পরে মামলার তদন্তের দায়িত্ব পেয়ে ডিবির উপপরিদর্শক রুহুল আমিন বরিশালের আফজাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেন। আফজাল কিশোর সাঈদকে খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

কথিত সাঈদ হত্যার আসামি আফজাল।
ছবি: আসাদুজ্জামান

জবানবন্দিতে আফজাল আদালতে বলেছিলেন, আবু সাঈদকে অপহরণের পর লঞ্চ থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করা হয়। আরেক আসামি সাইফুলও হত্যার কথা স্বীকার করেন। হত্যা মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ পাঠানো হয়। আদালত আফজাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চার বছর ধরে চলা বিচারের শেষ পর্যায়ে আবু সাঈদ হত্যা মামলার আসামি আফজাল ২০১৯ সালের ২৯ আগস্ট রাজধানীর পল্লবী থানায় একটি জিডি করেন। সেখানে তিনি বলেন, আবু সাঈদ নামের যে কিশোরকে হত্যা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে, সে বেঁচে আছে। পরে তাঁর খোঁজও পাওয়া যায়। এরই মধ্যে আফজাল জেল খাটেন ৩৩ মাস।

আরও পড়ুন

এখানে আলোচিত তিনটি মামলাই কোনো না কোনোভাবে ‘সাজানো’ বা ‘মিথ্যা মামলা’। যে ব্যক্তিদের হত্যার অভিযোগে মামলা হয়েছে, পরবর্তী সময়ে তাঁদের জীবিত পাওয়া গেছে। তাহলে এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, পুলিশ কি তদন্ত করল আর অভিযুক্তরা কেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন? প্রথম ঘটনাটিতে একজন আসামি আদালতের কাছে স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন, তিনি খুনের সঙ্গে জড়িত। পরে দেখা গেল, তিনি খুনে জড়িত নন। তাহলে কি তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল?

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় হাইকোর্টে বিচারিক অনুসন্ধান প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রতিবেদনটিতে পুলিশ হেফাজতে (রিমান্ডে) থাকার সময়ে তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম আল মামুনের বিরুদ্ধে আসামিদের মারধর, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি প্রদানে বাধ্য করার সত্যতা পাওয়া যায় বলে জানানো হয়। কিশোর আবু সাঈদের কথিত হত্যার ঘটনার আসামিরাও দাবি করেছিলেন, ডিবি অফিসে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দিতে তাদের বাধ্য করা হয়েছিল।

আরও পড়ুন

তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে বহু লোক জড়িত থাকেন। তাহলে এদের অগোচরে কারও বিরুদ্ধে ‘সাজানো’ বা ‘মিথ্যা’ মামলা এত দূর এগিয়ে নেওয়া সম্ভব? এই মামলাগুলোতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে আসামিদের ফাঁসিয়ে দেওয়ার তৎপরতা চালানো হয়। যাদেরকে হত্যার অভিযোগে মামলাগুলো চলছিল, সেই ‘মৃত’ ব্যক্তিদের যদি খুঁজে পাওয়া না যেত, তাহলে আসামিদের ভাগ্যে কী ঘটত? তারা কি শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেতেন, না–কি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেতেন, আমরা জানি না। আমরা শুধু এটুকু বুঝি, এই ঘটনাগুলো বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থা নিয়েও বিরাট এক প্রশ্নচিহ্ন তৈরি করেছে।