রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ
ফাইল ছবি

প্রথম আলোর অনলাইনে ২৬ মার্চ যে সংবাদটি পরিবেশিত হয়েছে, তাতে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের উদ্যোগে প্রকাশিত ‘সংবাদপত্রের বিজ্ঞাপনে বঙ্গবন্ধু’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে একটি টেলিভিশনের একজন সাংবাদিক তথ্যমন্ত্রীর কাছে জানতে চান, একজন সাংবাদিকের কাজই হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা। কিন্তু প্রথম আলোর বিষয়ে আপনারা কি মনে করছেন যে গঠনমূলক সমালোচনার নামে সংবাদপত্র কিংবা সাংবাদিক, যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছেন, এ রকম কি মনে করছেন?

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘২৬ মার্চ অনলাইনে যে সংবাদটি পরিবেশিত হয়েছে, এটা অবশ্যই রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে। স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে, যেটি আমাদের স্বাধীনতার প্রতীক, সেখানে একটি ছেলেকে ১০ টাকা দিয়ে ফুসলিয়ে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করা হয়েছে। সে যেটি বলেনি, সেটি প্রচার হয়েছে। এটি ঠিক হয়নি বিধায় তো তারা সরিয়েছে। সুতরাং এখানে অবশ্যই রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে।’

এ সময় আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক শামসুজ্জামানকে মামলা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এটি বললে ভালো হতো।  

উল্লেখ্য, ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতিটি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।