গুম সংক্রান্ত কমিশনের ক্ষমতা বাড়ল

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়।

সচিব শেখ আব্দুর রশিদের সই করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নম্বর ৬১৯৫৬)-এর সেকশন ১০-এর সাব সেকশন (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনকে আইনের সেকশন ১০-এ উল্লিখিত ক্ষমতা অর্পণ করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর সেকশন ৫-এর সাব সেকশন (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের ক্ষেত্রে আইনের সেকশন ৫-এর সাব সেকশন (২), (৩), (৪), (৫) ও (৬) প্রযোজ্য করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

গত ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী অভিযোগ জানাতে পারবেন। ডাকযোগে ও ই-মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা: ৯৬ গুলশান, গুমসংক্রান্ত তদন্ত কমিশন। ই-মেইল: [email protected]