‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পেছাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকোলাজ: বাসস

২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে তা হয়নি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৬ মে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ এই আদেশ দেন। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সম্প্রতি যোগদান করা চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই মামলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। সে কারণে আজ তা উপস্থাপন হয়নি।

এই মামলায় মোট আসামি ৮ জন। এর মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামসহ অন্য আসামিরা পলাতক।

‘মেটিকুলাস ডিজাইন ও হত্যাকাণ্ডের দায়’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ এই যুক্তিতর্ক উপস্থাপন করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

যুক্তিতর্কে আইনজীবী মনসুরুল হক বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে কয়েকজন ছাত্রসহ যুক্তরাষ্ট্রে যান অধ্যাপক ইউনূস। সেখানে তিনি জুলাই আন্দোলনকে ‘মেটিকুলাস ডিজাইন’ হিসেবে উল্লেখ করেন। তাহলে সে সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায় কার ঘাড়ে যায়? সত্যিকারের হত্যাকারী কারা? এই বিষয়ে ট্রাইব্যুনালের উপেক্ষা করা উচিত হবে না।

২০২৪ সালের ১৮ জুলাই ‘মিরর নাউ’ নামে ভারতীয় একটি টেলিভিশনে কথা বলেছিলেন হাসানুল হক ইনু। সেই সাক্ষাৎকার ট্রাইব্যুনালে দেখানো হয়। পরে মনসুরুল হক বলেন, পুরো সাক্ষাৎকার দেখলে বোঝা যায়, হাসানুল হক ইনু তৎকালীন সরকারের অংশ হিসেবে সেখানে কথা বলেননি। সেখানে শিক্ষার্থীদের আক্রমণ করেও তিনি কোনো কথা বলেননি।

এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। আজ তাঁকে যুক্তিতর্কের সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়।