আন্দোলনের নামে হত্যা ও নৈরাজ্য সৃষ্টির অধিকার কারও নেই: সাংস্কৃতিক ফেডারেশন
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে ১৪টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। তারা বলেছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অধিকার কারও নেই।
আজ রোববার সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৪টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন এক যৌথ বিবৃতিতে এসব কথা জানায়। সংগঠনগুলো বলেছে, গতকাল শনিবার আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নৃশংসভাবে পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, হাসপাতালে আগুন, অ্যাম্বুলেন্স জ্বালানো, প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং দেশব্যাপী গণপরিবহনে অগ্নিসংযোগ ও শ্রমিক হত্যা করেছে।
সাংস্কৃতিক ফেডারেশন এসবের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, শান্তিপূর্ণভাবে সভা–সমাবেশ ও আন্দোলন করার অধিকার সবার থাকলেও সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনসংহার এবং দেশব্যাপী অচলাবস্থা সৃষ্টির অধিকার কারও নেই। গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জোট।
বিবৃতিদানকারী সংগঠনগুলো হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।