‘কারাগারে বসে স্লোগান শুনলেই ব্যালটে সিল মারার কথা মনে পড়ে’

পোস্টাল ব্যালট বা দূর-ভোটদানের পদ্ধতি নানা কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছেছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মো. কেফায়েত উল্লাহ ১৫ বছর ধরে কাতারপ্রবাসী। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী তিনি। দেশে না এসে পোস্টাল বা ডাকযোগে ভোট দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই ভোট দেওয়ার জন্য আবেদন করতে পারেননি।

একই অবস্থা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আবদুর রহিমের। তিনি নগরের ডবলমুরিং থানার একটি মাদক মামলায় কারাগারে আছেন। আরেকটি মামলায় হাজিরা দিতে এলে আদালত প্রাঙ্গণে পুলিশি পাহারায় গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘কারাগারে থেকে ভোট দেওয়া যায় জানতাম না। অনেক ইচ্ছে ছিল ভোট দিব। কারাগারে বসে যখন নির্বাচনী প্রচারণার স্লোগান শুনি, তখনই ব্যালটে সিল মারার কথা মনে পড়ে। আফসোস, ভোট দিতে পারব না।’

শুধু এই দুজন ভোটার নন। প্রবাসী, কারাবন্দী ও চট্টগ্রামের বাইরে অবস্থান করা কোনো ভোটার এবার পোস্টাল ভোটের জন্য আবেদন করেননি। অভিযোগ উঠেছে, প্রচারণা ও সচেতনতার অভাবে এবার তাঁরা ভোট দিতে পারবেন না।

ভোটের দিন শারীরিকভাবে সরাসরি ভোটদানে অসমর্থ ভোটাররা আগে ব্যালট পেপার সংগ্রহ করে তা ডাকযোগে পাঠিয়ে যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, তাকে পোস্টাল ব্যালট বলা হয়।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, প্রবাসী বাংলাদেশি ভোটার, সরকারি চাকরিজীবী, যিনি চাকরিসূত্রে নিজ এলাকার বাইরে বসবাস করেন ও কারাবন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করতে পারেন।

এ জন্য তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পরপরই রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ভোটারের কাছে একটি পোস্টাল ব্যালট পেপার ও একটি খাম পাঠাবেন। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেই হিসেবে ৩০ ডিসেম্বর ১৫ দিন শেষ হবে।

প্রবাসী কিংবা কারাবন্দী কেউ এবার পোস্টাল ভোটের আবেদন করেননি বলে জানিয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি গত শুক্রবার প্রথম আলোকে বলেন, শুধু যাঁরা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন, তাঁরাই পোস্টাল ভোটের আবেদন করেছেন। সাধারণ কোনো ব্যক্তি আবেদন করেননি (প্রবাসী ও কারাবন্দীরাও করেননি)।

চট্টগ্রামে প্রায় পাঁচ লাখ প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, সচেতনতার অভাবে অনেকে পোস্টাল ভোট দিতে পারেন না।

চট্টগ্রাম বিভাগে কারাগারে থাকা বন্দীরাও পোস্টাল ভোটের জন্য আবেদন করেননি। জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) আলতাব হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় প্রায় ১৬ হাজার বন্দী রয়েছেন। তাঁরা চাইলে পোস্টাল ভোটের আবেদন করতে পারতেন। কিন্তু এবার কেউ করেননি।

এক প্রশ্নের উত্তরে আলতাব হোসেন বলেন, বন্দীদের বলা হয়েছে, যাঁরা ভোটার হয়েছেন, তাঁরা ভোট দিতে চাইলে আবেদন করতে পারেন। কিন্তু কেউ সাড়া দেননি।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, আইনগতভাবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নানা ধরনের জটিলতায় এ নিয়ে আগ্রহ থাকে না ভোটারের। আবার অসচেতনতার কারণেও এ প্রক্রিয়ায় ভোটাররা অংশ নেন না।

আরও পড়ুন

সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে কথা হয় পোস্টাল ভোট সম্পর্কে। তাঁদের অভিযোগ, প্রচারণার অভাবে প্রবাসী ও কারাবন্দীরা পোস্টাল ভোটের আবেদন করেননি। ফলে তাঁরা ভোট থেকে বঞ্চিত হচ্ছেন।

চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী, কারাবন্দীদের অনেকেই আমার এলাকার ভোটার। কিন্তু এবার তাঁরা কেউ ভোট দিতে পারবেন না। সচেতনতার অভাবে পোস্টাল ভোট দিতে কেউ আবেদন করেননি।’

কারাবন্দী ও প্রবাসীরা যাতে ভোট দিতে আগ্রহী হন, সে জন্য প্রচারণা ও সচেতনতা বাড়ানো উচিত বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, মানুষ ভোট দিতে চায়।