সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ আগস্ট, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আজ রোববার ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে হচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদলের এই সফর।
বিস্তারিত পড়ুন:

২

জনগণের চাওয়া, আওয়ামী লীগের উল্টো হাওয়া

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আওয়ামী লীগ অফিসে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর ২০০৮ সালে তো দলটি রীতিমতো ভোটবিপ্লব করে ফেলেছিল, যার প্রধান শক্তি ছিল তরুণ প্রজন্ম। এরপরই আওয়ামী লীগের উল্টো যাত্রা শুরু হয়। ২০০৮ সালে যে নতুন প্রজন্ম আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করেছিল, তারা ও তাদের পরের প্রজন্ম পরের দুটি নির্বাচনে ভোটই দিতে পারেনি। ফলে জনগণের চাওয়ার সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়তে থাকে।
বিস্তারিত পড়ুন:

৩

তাহলে সাকিব ছাড়া আর উপায় কী

বিশ্বকাপে সম্ভাব্য অধিনায়ক হিসেবে দুটি নামই এখন মুখে মুখে ফিরছে। একজন অধিনায়ক হিসেবে পরীক্ষিত। যাঁকে ‘মাঠে ট্যাকটিক্যালি বাংলাদেশের সেরা অধিনায়ক’ মনে করেন তামিম নিজেই। টেস্ট আর টি-টোয়েন্টিতে অধিনায়ক বলে কোচ আর সাপোর্ট স্টাফদের সঙ্গে বোঝাপড়ারও সমস্যা নেই। বিশ্বকাপে অধিনায়কত্বও যাঁর জন্য নতুন কিছু নয়। সাকিব আল হাসান তো সেই ২০১১ সালেই তা করে রেখেছেন। লিটন কুমার দাসের নামটা আসছে তিনি ওয়ানডে দলের সহ-অধিনায়ক বলে। সেটি তো তাঁকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হয়েছে বলেই। বিস্তারিত পড়ুন:

৪

চলন্ত গাড়ির ওপর কনটেইনার পড়েও যেভাবে বেঁচে গেলেন ৫ আরোহী

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লরি থেকে একটি কনটেইনার গিয়ে পড়ে প্রাইভেট কারের ওপর। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিদেশ ফেরত জামাতাকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ফটিকছড়ি উপজেলার শাহনগর মাইজভান্ডার এলাকার বাসিন্দা মুসা আহাম্মেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই নাতনি আদিবা হোসেন ও আদিলা হোসেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ইউটার্ন করার সময় একটি লরিতে থাকা ৩৫ টন ওজনের একটি কনটেইনার ছিটকে তাঁদের বহনকারী গাড়িটিকে চাপা দেয়। প্রায় ৩০ মিনিট তাঁদের গাড়িটি কনটেইনারের নিচে চাপা পড়ে ছিল। এতে তাঁরা গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির আরোহীদের উদ্ধারে অভিযান চালান। বিস্তারিত পড়ুন:

৫

ইমরান খান লাহোরের বাসভবন থেকে গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদের একটি আদালত রায় ঘোষণার পরই শনিবার তাঁকে লাহোরের বাড়ি জামান পার্ক থেকে গ্রেপ্তার করা হয়।
বিস্তারিত পড়ুন: