গ্রিন ইউনিভার্সিটিতে পঞ্চম এসটিআই সম্মেলন
টেকসই উন্নয়নে কার্যকর কৌশল নির্ধারণের অংশ হিসেবে পঞ্চমবারের মতো ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আগামী ৯-১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য প্রবন্ধ জমাদান শুরু হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত প্রবন্ধ জমা দেওয়া যাবে।
সম্মেলনের আয়োজকেরা জানান, তিনটি পৃথক বিষয়কে প্রাধান্য দিয়ে এ সম্মেলন হবে। এর মধ্যে রয়েছে এনার্জি, রোবোটিকস, ইলেকট্রনিকস, সেন্সরস অ্যান্ড কমিউনিকেশন; ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস এবং টেক্সটাইল ও অন্যান্য ইন্ডাস্ট্রিতে ৫.০-এর ব্যবহার।
সম্মেলনে জমা হওয়া তিনটি প্রবন্ধ ও পোস্টার পেপার প্রেজেন্টেশন ‘বেস্ট পেপার’ হিসেবে নির্বাচিত হবে এবং বাছাইকৃত প্রবন্ধগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে স্থান পাবে।
সম্মেলনের আয়োজক কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. সাইফুল আজাদ জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্ডাস্ট্রি ৫.০-এর ওপর প্রথম সম্মেলন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি। এর লক্ষ্য ইন্ডাস্ট্রি ও গবেষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে টেকসই উন্নয়ন। যেখানে গবেষণাপত্র উপস্থাপন ছাড়াও নতুন আইডিয়া তৈরি, সাসটেইনেবল টেকলোজির চ্যালেঞ্জ গ্রহণ এবং তা বাস্তবায়নের উপায়-সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হবে।
দুই দিনব্যাপী সম্মেলনে গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ চেয়ারম্যান ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চিফ প্যাট্রন, উপাচার্য মো. গোলাম সামদানী ফকির প্যাট্রন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. আবদুর রাজ্জাক জেনারেল চেয়ার হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষকদের প্রবন্ধ পাঠ করার কথা রয়েছে। কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ছাড়াও সম্মেলনে বিশেষ সেশন হিসেবে এসটিআই এক্সপো-২০২৩ অনুষ্ঠিত হবে।