চট্টগ্রামে হাড়ছাড়া গরুর মাংসের দাম হাজার ছুঁই ছুঁই
মধ্যপ্রাচ্যপ্রবাসী আফিফুর রহমান স্ত্রীকে নিয়ে আজ শুক্রবার চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাজারে এসেছিলেন গরুর মাংস কিনতে। কয়েকটি দোকান ঘুরে শেষমেশ হাড়ছাড়া এক কেজি মাংস কিনেছেন তিনি। দর-কষাকষি করেও দাম কমাতে পারেননি। বাধ্য হয়ে এক হাজার টাকায় এক কেজি মাংস কিনেছেন।
আফিফুর বলেন, রমজানে তিনি দেশে এসেছেন। রোজার শুরুর দিকেও হাড়ছাড়া গরুর মাংস কিনেছেন ৮৫০ টাকার আশপাশে। কিন্তু আজ এক হাজার টাকার নিচে দিতে রাজি হননি দোকানি।
আজ শুক্রবার নগরের ব্যস্ততম বহদ্দারহাট ও চকবাজার এলাকা ঘুরে গরুর মাংসের দোকানে তেমন ক্রেতা দেখা যায়নি। অনেকেই দাম শুনে দর-কষাকষি করেছেন। কিনেছেন তুলনামূলক কম ক্রেতা।
বহদ্দারহাট বাজারের সব গরুর মাংসের দোকানেই হাড়ছাড়া মাংসের দাম এক হাজার টাকা চাওয়া হচ্ছে। তবে হাড়সহ মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। চকবাজারের গরুর মাংসের দোকানে হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৯৮০ থেকে ১ হাজার টাকায়।
পবিত্র রমজান মাসে এই দুই বাজারে কেজিপ্রতি হাড়সহ গরুর মাংস বিক্রি হয়েছে গড়ে ৭০০ থেকে ৭৫০ টাকায় এবং হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হয়েছে ৮০০ থেকে ৮৫০ টাকায়।
চকবাজারের মাংস বিক্রেতা ইসমাইল সওদাগর বলেন, খাবারের দাম বেড়ে যাওয়ায় বেশি দামে গরু কিনতে হচ্ছে। এ কারণে তাঁদেরও বাড়তি দামে মাংস বিক্রি করতে হচ্ছে।
চট্টগ্রাম কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির তথ্য বলছে, দেশের বাজারে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গরুর মাংসের জাতীয় গড় খুচরা দর ছিল প্রতি কেজি ৩১৭ টাকা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সে দাম বেড়ে দাঁড়ায় গড়ে ৪১৯ টাকায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে গরুর মাংসের গড় দাম ঠেকেছে ৭৫০ টাকায়।
জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাজারে ২০২১ সালের মার্চে গরুর মাংসের দাম ছিল ৫৫০ থেকে ৫৬০ টাকা। পরের বছর একই মাসে তা ৭০০ থেকে ৭২০ টাকা হয়ে যায়। সব শেষ চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে গড়ে ৮৫০ টাকার আশপাশে গরুর মাংস বিক্রি হয়েছে।
মুরগির ডিমের দাম বাড়তি
ঈদের আগে হঠাৎ দাম বেড়েছিল ব্রয়লার মুরগির। তা এখনো কমেনি। বাজারে কেজিপ্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকায়। চলতি এপ্রিলের শুরুতে ২০০ টাকার আশপাশে বিক্রি হলেও এখন দাম আবার বাড়তি। অন্যদিকে বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকার আশপাশে। মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।
চকবাজারে আসা নাহিদুল ইসলাম বলেন, গরুর মাংস ধরাছোঁয়ার বাইরে। মুরগির দামও বাড়তি। তিন থেকে চার দিনের ব্যবধানে ডিমের দামও বেড়ে গেছে।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৪৫ থেকে ৫০ টাকায়, শিম ৬০ থেকে ৭০, আলু ৩০, লাউ ৩৫ থেকে ৪০, ঢ্যাঁড়স ৫০ থেকে ৫৫, চিচিঙ্গা ৪৫ থেকে ৫০, পটল ৫৫ থেকে ৬০, কচুমুখি ৫০ থেকে ৬০, বরবটি ৬০ থেকে ৭০ ও করলা ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এখনো কমেনি খোলা চিনির দাম। বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। অথচ বাণিজ্য মন্ত্রণালয় খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১০৪ টাকা নির্ধারণ করে দিয়েছে।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী প্রথম আলোকে বলেন, বাজারে নির্ধারিত কোনো মূল্যতালিকা নেই। গরুর মাংস, মুরগি সবকিছুর দামই বাড়তি। বাজার নিয়ন্ত্রণে তদারকি সংস্থাগুলোকে আরও কঠোর হতে হবে।