ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন রিজভী ও শিমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

এবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান (শিমুল বিশ্বাস)।

আজ বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই দুজন জামিনের আবেদন করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন।

শিমুল বিশ্বাস
ফাইল ছবি

৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচটি মামলা হয়। এসব মামলায় বিএনপির কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা রিজভী, আবদুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শামসুর রহমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন প্রমুখ রয়েছেন। মামলায় ফখরুলসহ দলটির ৪৯৫ নেতা-কর্মীর কারও জামিন হয়নি।

মির্জা ফখরুলের আইনজীবী ও বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে দলের মহাসচিবসহ অন্যদের গ্রেপ্তার করে হয়রানি করছে সরকার।