ডিএজি–এএজিদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের জরুরি নোটিশ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ছবি: প্রথম আলো

আদালতের কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যেতে নির্দেশনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের ৬ মে সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে। নোটিশটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরও বলা হয়ে, সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালে নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।