করোনা প্রতিরোধে হাঙ্গার প্রজেক্টের প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা প্রতিরোধে বেসরকারি সংগঠন দ্য হাঙ্গার প্রজেক্ট পরিচালিত প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

করোনা প্রতিরোধে বেসরকারি সংগঠন দ্য হাঙ্গার প্রজেক্ট পরিচালিত প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। রাজধানীর সিরডাপ মিলনায়তন গতকাল বেলা ১১টায় এ সভা হয়। হাঙ্গার প্রজেক্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাঙ্গার প্রজেক্ট ইউনিসেফের সহায়তায় ‘স্ট্রেনদেনিং রিস্ক কমিউনিকেশন অ্যান্ড এনগেজমেন্ট অ্যান্ড ভ্যাকসিন কমিউনিকেশন ফর কোভিড–১৯ প্রিভেনশন’ শীর্ষক প্রকল্প পরিচালনা করছে।

সভায় সভাপতিত্ব করেন দ্য হাঙ্গার প্রজেক্টের পরিচালক (কর্মসূচি) নাছিমা আক্তার। সভা পরিচালনা করেন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল। সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বে-নজির আহমেদ।

তিনি বলেন, এই প্রকল্পটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। কোভিড–১৯ সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে ঝুঁকি চিহ্নিত করা, জনগণকে সম্পৃক্ত করা এবং টিকা নেওয়ার ব্যাপারে জনগণকে সচেতন ও উৎসাহিত করা।

বে–নজীর আহমেদ বলেন, বিজ্ঞানসম্মতভাবে সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে। কোনো তথ্য গোপন করা যাবে না। জনগণকে সচেতন করার জন্য কমিউনিটি ক্লিনিক এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের এ কাজে যুক্ত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার জন্য ‘চাইল্ড টু চাইল্ড অ্যাপ্রোচ’ বাস্তবায়ন করতে হবে।

অধ্যাপক বে–নজীর আহমেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ নিয়ে পরবর্তীকালে তারা অন্য শিক্ষার্থীদেরকে টিকা নেওয়ার ক্ষেত্রে সচেতন করবে। এদের খুদে চিকিৎসক বলা যেতে পারে।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. ইফতেখার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (আইসিটি) মো. রফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক তৌফিক জোয়ারদার, ইউনিসেফের এসবিসি ম্যানেজার বদরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

প্রকল্পটির পরিচালক সাকিনা সুলতানা প্রকল্পটি বাস্তবায়নের সার্বিক অভিজ্ঞতা তুলে ধরেন। প্রকল্পের উপপরিচালক দিলীপ কুমার সরকার সূচনা বক্তব্য দেন।