শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ কথা বলেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘নতুন সরকার এল। আপনি নতুন দায়িত্ব নিলেন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আপনার দিক থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে কি না।’
এর জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা উদ্যোগ নেব। তাঁকে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব।’
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে আছেন বলে তাঁরা জানেন। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে ফেরত আনাটা আইনগত ব্যাপার। নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ তাঁরা নেবেন।
আরেকজন সাংবাদিক বলেন, প্রসিকিউশন তো আগে উদ্যোগ নিয়েছে। সেটার অগ্রগতি কত দূর?
এর জবাবে আমিনুল ইসলাম বলেন, সেটা তিনি এখনো জানেন না।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তারপর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। গত বছরের ১৭ নভেম্বর সেই মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এ মামলার ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুম–খুনসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা ট্রাইব্যুনালে চলমান।