ঢাকা উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবক লীগ
ফাইল ছবি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান স্বাক্ষরিত ১০১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

দুই বছরের বেশি সময় আগে ২০১৯ সালের ১১ ও ১২ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণেও মূল এই দুই পদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছিল। তখন কেন্দ্রীয় সভাপতি করা হয়েছিল নির্মল রঞ্জন গুহকে। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আফজালুর রহমান। চলতি বছরের ২৯ জুন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মল রঞ্জন গুহ মারা যান। এর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন গাজী মেজবাউল হোসেন।

এ ছাড়া তখন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচন করা হয় ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে। দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদ। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ তিন বছর। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের দুই বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার পরে এই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো।

স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও এখন পর্যন্ত সম্মেলন হয়েছে মাত্র দুটি। সর্বশেষ ২০১২ সালে করা হয়েছিল দ্বিতীয় কমিটি। এর সাত বছর পরে ২০১৯ সালে তৃতীয় সম্মেলনের মাধ্যমে কমিটি করা হয়েছিল।

স্বেচ্ছাসেবক লীগ উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে ইসহাক মিয়ার সভাপতিত্বে ১ নম্বর সহসভাপতি করা হয়েছে শাহে আলমকে। এ ছাড়া আরও রয়েছে ১০ জন সহসভাপতি। আর সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঙ্গে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আমজাদ হোসেনকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এ হান্নান হালদার, প্রচার সম্পাদক রাহাত মাহমুদ এবং সোহাদ উদ্দিনকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটিতে কামরুল হাসানের সভাপতিত্বে ১ নম্বর সহসভাপতি করা হয়েছে মাসুদ রানাকে। দক্ষিণের কমিটিতেও ১০ জন সহসভাপতি রয়েছেন। সেখানে সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঙ্গে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ আনিসুজ্জামানকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক রাসেল আহমেদ খান এবং সুমন হোসেনকে দপ্তর সম্পাদক করা হয়েছে।