প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকাছবি: প্রথম আলো

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা এক মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা জামিনের আবেদন আদালতের নিকট করেছি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। গত ১৮ জুন থেকে তিনি কারাগারে আছেন। আহমেদ জোবায়ের ব্যতীত এই মামলায় অন্য আসামিরা জামিনে আছেন।’

এর আগে ১৮ জুন এ মামলায় আত্মসমর্পণ করলে আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত। তবে ওই দিন মামলার অন্য তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।

আদালত সূত্র আরও জানায়, সমনের নির্দেশ অমান্য করে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি ঢাকার আদালতে মামলাটি করেন। ওই দিন আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত দিনে কেউ হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।