মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে মেনন ও কামরুলের অব্যাহতি চেয়ে আবেদন
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলা থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলামের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন, মেনন ও কামরুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আগামী ৩০ এপ্রিল আদেশ দেওয়া হবে।
মামলার দুই আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ দুই আসামির অব্যাহতির আবেদনে আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা আপিল বিভাগ বাতিল করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিকতা ছিল না। পরে এটি আর কোটা সংস্কার আন্দোলন থাকেনি। এটি সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। সেখানে সাধারণ আন্দোলনকারীদের সঙ্গে ‘ভায়োলেন্ট মব’ যুক্ত হয়েছিল। এই ভায়োলেন্ট মব থানা পোড়ানো, বিটিভি ভবনে আগুন, কারাগারে হামলা, পুলিশ হত্যাসহ সারা দেশে নানা সহিংসতার ঘটনা ঘটিয়েছে। তাদের (ভায়োলেন্ট মব) কারণে হত্যাকাণ্ড বেড়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ভেতরে প্রবেশ করে তারা সহিংসতা চালিয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্ত হয়নি দাবি করে আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, সে সময়ের ১ হাজার ৪০০ মানুষ হত্যাকাণ্ডের দায় আসামিদের (মেনন ও কামরুল) ওপর চাপানো হয়েছে। অথচ সরকারি হিসাবে এত মানুষ হত্যার তথ্য পাওয়া যায় না। ভায়োলেন্ট মবের কর্মকাণ্ডের বিষয়টি সামনে আসেনি। পুরো বিষয়টি তদন্ত করা উচিত ছিল।
আইনজীবী মনসুরুল হক বলেন, জানমাল রক্ষায় কারফিউ জারি করা ছিল সম্পূর্ণ বৈধ। কারফিউ জারির প্রজ্ঞাপনে কোথাও উল্লেখ নেই ‘শুট অ্যাট সাইট’। প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ না থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করতে পারে না। তাঁর দুই মক্কেল (মেনন ও কামরুল) সে সময় কোনো রকম উসকানিও দেননি। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই। এ অবস্থায় মামলা থেকে মেনন ও কামরুলের অব্যাহতি চান তিনি।