প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে।
তারেক রহমান বলেছেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথাগুলো বলেন।
দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।
তারেক রহমান বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ তাদের জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশের মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। এখন দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে।
প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন ডলার আয় হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য তুলে ধরে বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এ খাতের মূল চালিকা শক্তি খামারিদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগ।
তারেক রহমান বলেন, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।
এর আগে সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থের বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এই খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির ও বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।
এ উপলক্ষে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনের প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।
রাজধানীতে কেন্দ্রীয় মেলার পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে।