ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শীতকালীন সেমিস্টার ২০২২–এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন হয়। নবীনবরণ শেষে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ‘ফরাসউদ্দিন ভবন’ উদ্বোধন করেন অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ জিয়াউল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তিনটি অনুষদের ডিন। নবীনবরণ অনুষ্ঠান শেষে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ১০তলা ‘ফরাসউদ্দিন ভবন’ উদ্বোধন করা হয়।