পদ্মপুরাণ বা মনসামঙ্গলের মতো সাহিত্য শুধু একটি প্রসঙ্গে লেখা নয়। এখানে জীব, প্রকৃতি, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কের অনেক স্তরের কথা আছে। তাই মধ্যযুগের এ সাহিত্যগুলো অনেকভাবে গুরুত্বপূর্ণ। অতীতের সঙ্গে সম্পর্ক তৈরি করা গল্পগুলো এখন বেশি দরকার। আর মানুষ প্রকৃতিকে যা দিচ্ছে, তা–ই আবার প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে অন্যভাবে। এর ফলাফল জলবায়ু পরিবর্তনে ভয়াবহ বিপর্যয়ের সংখ্যা বেড়ে যাওয়া। এসব বক্তব্য উঠে এসেছে বিশ্বখ্যাত ভারতীয় লেখক অমিতাভ ঘোষের কথায়।
ঢাকা লিট ফেস্টের ‘হাংরি টাইড’ শীর্ষক আলোচনা পর্বে অমিতাভ ঘোষ কথা বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ঔপনিবেশিক আগ্রাসন ও সাহিত্যের দায়বদ্ধতা নিয়ে।
পর্বটির সঞ্চালনা করেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাত সায্। শুক্রবার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনার প্রশ্নপর্বে অংশ নিয়েছেন অনেক পাঠক। ‘হাংরি টাইড’ উপন্যাস কেন্দ্র করে আলোচনা শুরু হলেও এখানে স্থান পেয়েছে সমকালীন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ।
অতীত ঐতিহ্য প্রসঙ্গে ভারতীয় এই লেখক বাংলাদেশের দুই নদীর নাম উল্লেখ করে বলেন, ‘আমার ঠাকুরমার মুখে আড়িয়াল খাঁ আর কীর্তিনাশা নদীর নাম শুনেছি। নদীর এত সুন্দর নামগুলো নিজে বহন করি।’ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রসঙ্গে অমিতাভ ঘোষ উল্লেখ করেন, শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বেই এখন বড় বড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বাড়ছে। একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হানছে। ভেনিস বা মিয়ামিতে বন্যা হচ্ছে। হঠাৎ করে সান ফ্রান্সিসকোর রাস্তার ম্যানহোল থেকে ফোয়ারার গতিতে পানি বের হচ্ছে। এসব কিছুর সঙ্গে মানুষের ভূমিকা রয়েছে। ফলে সাহিত্যের জায়গা থেকেও দায়বদ্ধতা আছে লেখকের।
আলোচনা হয় জীবাশ্ম জ্বালানি, কার্বন নিঃসরণ প্রসঙ্গ সাহিত্যে কতখানি গুরুত্ব পাচ্ছে সে প্রসঙ্গে। ঐতিহাসিক উপন্যাস লিখতে হলে সাহিত্যিকের জন্য একটা বড় কাজ ভারসাম্য তৈরি করা বলে উল্লেখ করেন অমিতাভ ঘোষ। তিনি বলেন, পাঠক সাহিত্য হিসেবে শুধু অতীতের কথা পড়তে আগ্রহী হয় না। তাই লেখককে নিজের কল্পনার সঙ্গে সঠিক তথ্যটির বর্ণনা দিতে হবে ভারসাম্য রেখে।
অমিতাভ ঘোষের ভাষ্যমতে, এ অঞ্চলের অনেক লেখক বর্ণনার দিক থেকে পশ্চিমা ভাবটি অনুসরণ করছে। ফলে শুধু শহরকেন্দ্রিক জীবনের বর্ণনায় কখনো মানুষের ইতিহাস ও পরিবেশ ঝুঁকি প্রসঙ্গগুলো নিয়ে ধারণা দেওয়া সম্ভব হয় না। এমনকি বই পড়ার ব্যাপারটিও এখন পাঠকের ব্যক্তিগত একটি অভ্যাস হিসেবে মনে করা হয়। অথচ গল্প পড়ার, শোনার একটা সামাজিক ধারা ছিল এ অঞ্চলের। মানুষ গোল হয়ে বসে গল্প শুনত। মানুষ সংগঠিত হওয়ার বদলে বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে।
পশ্চিমা ভাবধারা প্রসঙ্গে উঠে আসে ঔপনিবেশিক শাসনের পর আধুনিকতার সূচনা হওয়ায় মানুষের নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা। এরই সূত্র ধরে আলোচনা শুরু হয় আফিম চাষ, ব্রিটিশ বাণিজ্য ও বিভিন্ন দেশে দাস বেচাকেনা নিয়ে। এ সময় অমিতাভ ঘোষের সম্প্রতি প্রকাশিত ‘নাটমেগ কারস’ বইতে উল্লেখ করা ইন্দোনেশিয়ার বান্দা দ্বীপের বাসিন্দাদের দাস হয়ে যাওয়ার ইতিহাসের কথা উঠে আসে। বাণিজ্যের জন্য পর্তুগিজরা ওই দ্বীপের মানুষদের ওপর গণহত্যা চালিয়েছিল। লেখার তথ্য-উপাত্ত সংগ্রহ প্রসঙ্গে অমিতাভ ঘোষ বলেন, উন্নত দেশগুলোতে যেকোনো তথ্য সংগ্রহ যতটা সহজ, তা এ অঞ্চলে নয়।