‘চক্র-২’ রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও তারকা আড্ডা
সৌন্দর্য সৃষ্টিতেই শিল্পের সার্থকতা
অন্ধকার ঘরে আলো-ছায়ার খেলা। পর্দায় রহস্যের জাল বুনছেন একজন নির্মাতা আর সেই জালে আটকা পড়ে দর্শক কখনো আঁতকে উঠছেন, আবার কখনো ডুবে যাচ্ছেন অদ্ভুত মুগ্ধতায়।
শিল্প কি তবে কেবল বিনোদন, নাকি নিঃশব্দে মানুষের ভেতরে বুনে দেয় কোনো সৌন্দর্যের বীজ?
এ ভাবনার আবহে ওয়েব সিরিজ ‘চক্র-২’-এর রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও তারকা আড্ডার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই ভিন্নধর্মী অনুষ্ঠানের শুরুতেই প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও নাট্যকার আনিসুল হক শিল্পের দর্শন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পের কাজ হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা এবং শিল্পের সার্থকতাও সেখানে। ভালো শিল্পী হতে চাইলে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। আপনি যা-ই হতে চান, সেই জায়গায় পৌঁছাতে চেষ্টাটা হতে হবে সর্বোচ্চ। ভিকি জাহেদ ঠিক সেটাই করেছেন। তাঁর সেই চেষ্টার ফলেই “চক্র-২”প্রশংসিত হয়েছে।’
তারকা আড্ডায় উপস্থিত ছিলেন ‘চক্র-২’-এর নির্মাতা ভিকি জাহেদ এবং সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব, মৌসুমী মৌ, রুমকি,শুভ্রসহ নির্মাণসংশ্লিষ্ট কলাকৌশলীরা। ওয়েব সিরিজটি নিয়ে তাঁদের কাছে নানা প্রশ্ন করেন উপস্থিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার সদস্যরা। তারকারাও সেই সব প্রশ্নের প্রাণবন্ত উত্তর দেন।
‘চক্র-২’–এ ডা. হুমায়ুন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘ভিকি জাহেদের কাজ যারা করতে চায়, তারা মেন্টালি অনেক স্ট্রং। ভিকি জাহেদের কনটেন্ট দেখে যেটা করা উচিত, সেটা আমি অভিনয় করতে গিয়েই শুরু করেছি—আমি নামাজ পড়তে শুরু করেছি।’
অন্যদিকে ‘জেনি’ চরিত্রে অভিনয় করা মৌসুমী মৌ শোনান শুটিংয়ের কঠিন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘প্রচণ্ড ঠান্ডা, রাত চারটার সময় শুটিং। সারা শরীর রক্তাক্ত। শীতে জমে যাচ্ছি।’ তারপরও একজন শিল্পী হিসেবে এ কাজকে তিনি দেখেছেন ভিন্ন এক অভিজ্ঞতা হিসেবে, যেখানে কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে সৃজনের তৃপ্তি।
দর্শকের প্রতিক্রিয়া ও আয়োজনের প্রশংসা করে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এমন প্রতিযোগিতা আয়োজন আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। কারণ, এখানে যাঁরা রিভিউ করেন, তাঁরা সবাই বোদ্ধা দর্শক। তাঁরা দেশি-বিদেশি কনটেন্ট দেখেন এবং আমাদের কাজও দেখেন। ফলে তাঁদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
বন্ধুসভার বন্ধুরা নিয়মিত বাংলা চলচ্চিত্র দেখে, দেখতে আগ্রহী এবং বাংলা চলচ্চিত্রকে আরও বেশি করে প্রচার করতে চায় জানিয়ে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘গত ঈদে আমরা “সাবা” চলচ্চিত্রটি দেখেছি এবং তা নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতাতেই এবার “চক্র-২” নিয়ে আমাদের এই আয়োজন।’
তারকা আড্ডায় প্রশ্ন, গল্প আর হাসি-আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। কেউ জানায় নিজের ভালো লাগা, কেউ শোনায় ব্যক্তিগত অনুভূতি। ছিল অভিনয়, নির্মাণ, স্ক্রিপ্ট ও গল্প লেখা নিয়ে আলোচনা।
অনুষ্ঠানের শেষে রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয়ী হয়েছে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইসরাত জাহান, ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসান বিন তসলিম এবং ভৈরবের নাহিদ হোসাইন। তবে এ আয়োজনের আসল প্রাপ্তি যেন পুরস্কারের বাইরে—শিল্প, শিল্পী আর দর্শকের এক অনবদ্য মিলন।