একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের প্রথম দিনে বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ‘একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না।’ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের প্রথম দিনে বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ‘একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ ঘোষণা দিয়ে বলেন, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত তরুণ প্রজন্ম এ অপশক্তিকে প্রতিহত করবে।

আজ দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ শুরু হয়। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলনের ভেতর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধান বক্তা ছিলেন সাংসদ শাহাজাহান খান, বিশেষ অতিথি ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বেনজীর আহমেদ, মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন আহমেদ বীর উত্তম, ওসমান আলী, কাজী মোজাম্মেল হক প্রমুখ। সভাপতিত্ব করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য দেন আবু সাঈদ মিয়া।

সমাবেশের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকেই একাত্তরের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে জাতিকে শত্রুর মোকাবিলা করার ডাক দিয়েছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে এই ময়দানেই হানাদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। আবার দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তাদানকারী প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাষণ দিয়েছিলেন। এই ঐতিহাসিক ময়দানে এলে শুধু মুক্তিযোদ্ধারা নয়, বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। অনুপ্রাণিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই মহান রাষ্ট্রভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ হয়েছে। একাত্তরের সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীনতা লাভের সেই চিরকাঙ্ক্ষিত আন্দোলন চূড়ান্ত রূপলাভ করেছে। কাজেই কেউ একজন কোনো কিছু ছাড়াই স্বাধীনতার ঘোষণা দিলেন বলে দাবি তুললেন আর স্বাধীনতা এসে গেল—এ ধরনের ঘটনা অবান্তর, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীনতা অর্জন করা এই দেশে যখন পরাজিত শক্তি রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ে, তখন আমাদের মাথা হেঁট হয়ে যায়। যখন জাতির মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। তবে আশার কথা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করছেন। দেশে আবার অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে এনেছেন।’ মুক্তিযোদ্ধারা পয়লা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি করে আসছেন। তিনি এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতাবিরোধী চক্র এ অগ্রগতিকে নস্যাৎ করতে তৎপর হয়ে উঠেছে। তারা দেশকে আবার পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে তুলনা করে প্রকাশ্যেই বলেছেন ‘পাকিস্তান এর চেয়ে ভালো ছিল’। যে পাকিস্তান আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে তারা আবার সেই পাকিস্তানি আমলে ফিরিয়ে নিতে চায়। মুক্তিযোদ্ধারা এটা কখনো হতে দেবে না।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের সরকারি উচ্চ পদে এবং বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে, তাদের বিচারের দায়মুক্তি দিয়ে আইন করে, মুক্তিযুদ্ধবিরোধীদের মন্ত্রিসভায় স্থান দিয়ে, গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনে তাকে নাগরিকত্ব দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করেছেন। তিনি বলেন, তাঁর সন্তান ও পরিবার ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রাণে হত্যার চেষ্টা করেছে। এখন বিদেশের মাটিতে বসে তারেক জিয়া ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বলছে ১০ ডিসেম্বরের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না। বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য সুযোগ-সুবিধাও সম্মানজনকভাবে বাড়ানো হবে। তিনিও পয়লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার যৌক্তিকতা তুলে ধরে এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, এ জন্য কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।