রাঙামাটির বেতবুনিয়ায় অনুশীলনের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ
রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া ও সুমন কান্তি দে এবং আকবর শাহ থানার নারী কনস্টেবল মিনু আরা।
আজ দুপুরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁরা হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, আজ সকালে অনুশীলনের জন্য থানা থেকে বেতবুনিয়ায় যান পুলিশ সদস্যরা। অনুশীলনের সময় অসাবধানতাবশত তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
অভির বাঁ বাহু ও অণ্ডকোষে, সুমনের বাঁ পা ও হাঁটুতে এবং মিনু বাঁ বাহুতে গুলিবিদ্ধ হন। চিকিৎসকেরা তাঁদের নানা পরীক্ষা–নিরীক্ষা করছেন। পরীক্ষার ফল পাওয়ার পর সবশেষ অবস্থা জানা যাবে।