সাবেক এমপি ছলিম উদ্দীন ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, ছলিম উদ্দীন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁরা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে বিঘ্ন ঘটতে পারে এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন।